STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Tragedy Inspirational

3  

Piyali Mukherjee

Abstract Tragedy Inspirational

দীপাবলীর সপ্তমী 🌼

দীপাবলীর সপ্তমী 🌼

3 mins
196


#অণু গল্প

এবার কালীপুজোর সময় এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছিলাম । দুর্গাপূজার সপ্তমীর দিন বসেছিলাম মণ্ডপে , সাথে পাড়ার আরও কিছু মেয়ে ছিল । রিয়া , সুপর্ণা , দয়িতা , রিখিয়া এবং আরও অনেকে । ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি আমরা l তবে বড্ড মিস করছিলাম শর্মিলাকে। ও প্রতিবার থাকে আমাদের সাথে । কিন্তু এবার নেই l কারণ ওর বর কোভিড নাইন্টিনের ছোবলে চলে গেছেন । ও মুম্বাইতে থাকতো বরের সাথে । কিন্তু স্বামী মারা যাবার পরেও ফিরে আসেনি ওখানেই রয়েছে এখনো । শুনেছি, ওখানে এখন ও চাকরি করছে।

-' ইশ ! কি খারাপ লাগছে শর্মিলার জন্য । মাত্র তো তিন বছর বিয়ে হয়েছিল । এর মধ্যেই বিধবা হয়ে গেলো । বড্ড কষ্ট লাগে রে ভাবলেই । ' দয়িতা বলছিলো মুখটা করুণ করে l

-' হ্যাঁ রে যা বলেছিস ! এই বয়সেই সব রং মুছে গেলো মেয়েটার জীবন থেকে । এখনো ওই শহরেই পড়ে আছে ।

-'বোধহয় স্মৃতি আঁকড়ে পড়ে আছে বরের, '

বললো রিখিয়া l

-' আমার সাথে তো মাঝে একবার কথা হয়েছিল । বলেছিলো আসবে পুজোয় । কেন যে এলো না কে জানে ! বোধহয় পালিয়ে বেড়াতে চায় সব কিছু থেকে।"বললো সুপর্ণা l

কিন্তু শর্মিলা ফাইনালি এসেছিলো । কালীপুজোর দিন ওকে দেখে অবাক আমরা। বেশ হাসিখুশি , সপ্রতিভ। পরনে কচি কলাপাতা রঙের কুর্তা,    অফ-হোয়াইট সালোয়ার । ঠোঁটে হালকা লিপস্টিক , কপালে ছোট টিপ্ । গলায় সরু চেন । 

- ' আসবো না ভেবেও চলে এলাম রে l গতকাল এসেছি l সন্ধ্যাতেই আসবো তোদের কাছে ভেবেছিলাম , কিন্তু স্কুলের বন্ধুরা জোর করে ডিনারে নিয়ে গেলো ' l

- ' তুই বাইরে ডিনার করিস এখনো '? অদ্ভুত প্রশ্নটা করেই ফেললো রিখিয়া l

- ' ওমা ! করবো না কেন l তোরা তো জানিসই আমি বরাবরই চাইনিজ খেতে ভালোবাসি ' l

তারপরেও আরও খানিকক্ষণ গল্প করলো শর্মিলা l বললো," ও মুম্বাইতে রয়ে গেছে কারণ এখন ওখানে ও একটা চাকরি করে l এমনিতে একা থাকলেও , ওর বেশ কিছু বন্ধু আছে ওখানে l " ঘন্টাখানেক গল্প করে চলে গেলো শর্মি l 

আর ও চলে যেতেই ফেটে পড়লো বাকিরা , যারা ওর তথাকথিত বন্ধু বলে পরিচিত l

- ' দেখলি দুঃখের কোন লেশমাত্র নেই l কে বলবে দিন কয়েক আগেই ও বিধবা হয়েছে ' ! খরখর করে বলে উঠলো রিখিয়া l

- ' ছাড় তো ! দেখ আবার কাউকে জুটিয়ে নিয়েছে কিনা ! সাজের বহর দেখলি না ?" মুখ বেঁকিয়ে বললো দয়িতা l

- ' হ্যাঁ চাকরি , বন্ধু সব নিয়ে বেশ রয়েছে l ঐজন্যই তো মায়ানগরী মুম্বাই ছেড়ে আসতেই পারেনি মহারানী l ভাব , বিধবা হয়েও লজ্জা নেই l নির্লজ্জের মতো চাইনিজ খেয়ে বেড়াচ্ছে এখনো ' l গলায় শ্লেষ ঝরে পড়লো সুপর্ণার l

আমি স্তম্ভিত হয়ে যাচ্ছিলাম ওদের আলোচনা দেখে l দু দিন আগেই তো শর্মিলা খারাপ আছে দেখে দুঃখে কাতর হচ্ছিলো ওরা , তাহলে আজ ও ভালো আছে দেখে এরা এতো জ্বলছে কেন?!

পরের পরের দিন আমি গিয়েছিলাম শর্মিলাকে শুভেচ্ছা জানাতে l আমায় দেখেই ও একদম লাফিয়ে উঠলো।                             শুভেচ্ছা জানিয়ে বললাম , ' এভাবেই ভালো থাকিস রে ' l                                    ও বললো , " ভালো থাকার চেষ্টাই করি রে সবসময় l হঠাৎ করে নিজের মানুষটাকে হারিয়ে ফেলার পর ডিপ্রেশনে ডুবে গেছিলাম l তারপর নিজের মনের জোরে আস্তে আস্তে কাটিয়ে উঠেছি সেই ফেজটা l এখন অনেক ভালো আছি রে l কারোর সহানুভূতি আমি চাই না রে l ওই জিনিসটা বড্ড হার্ট করে l তাই নিজেই নিজেকে ভালো রাখার চেষ্টা করি " l

আমি হাতে হাত রাখলাম শর্মিলার l মনে মনে বললাম , "এই মনের জোরটাই বজায় রাখিস l আসলে পৃথিবীর বেশির ভাগ মানুষই বোধহয় অন্যকে করুণা দেখাতেই বেশি ভালোবাসে , অন্যের ভাল থাকাটা দেখে সবাই খুশি হতে পারে না l তাই প্রতিকূল পরিস্থিতি সামলেও ভালো থাকতে হলে নিজেকে নিজেরই সবচেয়ে বেশি সাহায্য করতে হয় , মনের জোর রাখতে হয়' l

' কিরে কি ভাবছিস ' ? বললো শর্মিলা l

' ভাবছি যেন তোর মতো মনের জোর আমিও পাই সব পরিস্থিতিতে ' , হেসে জবাব দিলাম আমি ।।



Rate this content
Log in

Similar bengali story from Abstract