হঠাৎ দেখা
হঠাৎ দেখা
সেদিন আকাশ ছিল নীল ;
ছিল দিগন্তে রবি উজ্জ্বল তখনো,
তাপ নিয়েছিল সাগর সলিল ;
হয়তো বরষা আসিবে বক্ষে কখনো ।
বালুচরে এক ঝাউবনে চড়ুইভাতি;
বাবুই বাসা দেখিনি কোথাও সেথা,
নয়ন আমার দেখেছে মত্তহাতি ;
হৃদয়ে তাহার অসহ্য কোন ব্যথা ।
হয়েছিল দেখা প্রিয়তমাটির সাথে ;
মৃতবৎসার দুই জোড়া পদ প্রান্তে ,
আংটি বদল হয়েছিল যে রাতে ;
রাহুর দশায় কেঁদেছি নিজে অজান্তে।
তখনি তাহার পেয়েছিলাম সাক্ষাৎ ;
রেলের চাকায় পিষ্ট দেহের খণ্ড ,
কেটেছিল সবে আতঙ্কভরা রাত ;
বিনুনি বাঁধা তার প্রিয়তমার মণ্ড ।
সেদিনই দেখা পেয়েছিলাম তাহার ;
লাশকাটা ঘরে অথবা কোন শ্মশানে,
কস্মিনকালেও দেখা হয়নি আর ;
আমি ভবঘুরে এখনো ঘুরি মশানে ।
নাওয়াখাওয়া নেই; ছিন্ন পরিধান ;
তরুণ কান্তি করুণ চক্ষে চাহি ,
ভগ্ন হৃদয় মন চির অম্লান ;
মরণের তরে চারণ গীতি গাহি ।
