বই
বই
বই সে তো বই নয় জীবন্ত দলিল ;
হৃদয়ের অন্ত:ক্ষরা গ্রন্থি নিঃসৃত,
অতলান্ত সমুদ্রের লবণাক্ত সলিল :
পুস্তকের আকার আজি সকলি বিস্মৃত ।
ধর্মকথা মর্মব্যথা কর্মশালার ইতিহাস;
পাঠ্য পুস্তক রূপে বিবেচ্য যা কিছু,
সর্বদা মিত্র যথা গল্প উপন্যাস ।
পাঠক বা শ্রোতাদল উপকৃত সবে ;
জীবনের অগ্রগতি পুস্তক নির্ভর ,
পুরাতন বই চিরকাল মনে রবে ;
ভূগোল বিজ্ঞান গণিত হিসাবের ঘর ।
বই বন্ধু, বই সখা, প্রেমিকার মত ;
অন্তরে অন্তর্দান পেপাইরাস পত্র,
আচরণ বিধি রূপে নিয়ত সংযত ;
গীতিমালা ছন্দকার লেখে দু'ছত্র ।
মুদ্রিত নয়ন এবে ঘোর তন্দ্রাময় ;
ছাপাখানার ব্যস্ততা লভিয়াছে ছুটি,
বই তবু অকারণ প্রাণ ধরে রয় ;
বৈদ্যুতীন মাধ্যম তার টিপে রাখে টুঁটি।
নিয়মিত বই পড়া সাধুসঙ্গ লাভ ;
জানে না অন্য কিছু উপকার ব্যতীত,
আছে যার পরিচয়; বই সাথে ভাব ;
মিত্রতায় বিচ্ছেদ তার যেন স্বপ্নাতীত ।
