অপরাজিতা
অপরাজিতা
নীল রঙের জামাটা ছিঁড়ে গেছে বহুদিনের ব্যবহারে;
কয়েকটা জায়গায় সাদার ফ্যাকাশে আর কাটা-ছেঁড়া;
আকাশের নীল মেঘেও একই চিত্র দেখে, আমি গুলিয়ে ফেলছি,
কোনটা আমার সেই পুরোনো ছেঁড়া জামা, আর কোনটাই বা আকাশ|
আকাশের বিশালতায় পরে দ্বন্দ্ব মিটলে দেখি, পড়ছে ঝরে
ছেঁড়া মেঘের টুকরো, চারিপাশে অসংখ্য তুলোর নীল রঙের
পৃথিবী তুলছে গড়ে; কয়েকটা নীল রঙের মেঘের টুকরো
চুরি করে উঠোন থেকে, আমার ছেঁড়া জামা সেলাই করলাম;
নতুন করে বুনে নিলাম নকশি-কাঁথা; আমি আকাশের কাছে চিরঋণী,
আমায় ওই নীল রঙের জন্য! সেদিন চুরি করেছিলাম ঠিকই, আজ সব দেনা চুকিয়ে,
সব হিসেব মিটিয়ে দেব বলে, বীজ বুনেছি একগোছা অপরাজিতা|
