জোকার
জোকার
হাসির ঘরে কান্নার হাতছানি -
মকারিতে আজ যারা ওস্তাদ ,
জোকার বলে আজীবন মানি -
তাদের দলে আম-জনতা বাদ ।
আজকে তারা সংখ্যালঘুর দলে ,-
মরণপণে বেঁচে থাকার লড়াই ,
এমনভাবে মুখ ঢাকলে চলে !
লুপ্তপ্রায় বাবুই এবং চড়াই ।
বুক দোলানো মেয়েপরীর দল -
যাদুকাঠি নাচায় হাতে হাতে ,
ইভিনিং নয় ; ম্যাটিনীতেই চল -
ভাব জমাবো মেয়েপরীর সাথে ।
আজ আকাশে মেঘবালিকা হাসে ;
একটু পরেই ঝরবে অশ্রুধারা ,
জোকারিতে চোখে চোখে ভাসে ;
উপবাসে কাল কাটাচ্ছে যারা ।
হাসি হাসাই কাঁদি আপনমনে ;
টিকিট কাটা মানুষগুলো বাজে,
অনুভূতি কাজ করে গোপনে ;
রাত ফুরোলেই তারাই আপনকাজে,
ব্যস্ত হয়ে বাদুড়ঝোলা হয়ে ;
বাসে ট্রেনে অফিসঘরে ঢোকে,
বিগত কাল বিক্ষুব্ধ হৃদয়ে ;
স্বাভাবিকই ভুলে যায় লোকে ।
তাসের ঘরে কৃপাসিন্ধু জোকার ;
হঠাৎ হঠাৎ মেটায় প্রয়োজন ,
সবাই নয় ; কেউকেউবা লোফার ;
মেয়েপরীর শরীর ধরে মন ।
খেয়াল ঢাকে ঠুমরি ঝঙ্কারে ;
দেয়াল ঢাকে পানখেকোদের পিকে,
আমরা জোকার ভবের সংসারে ;
সার্কাস তাস আমাদের ঝি-ঠিকে ।
