ভাঙা মন
ভাঙা মন
আমি হতে চেয়েছি আকাশ -
মেখে নিতে তোমাদের জমা দীর্ঘশ্বাস ।
এই দেখ অঙ্গময় নীলে নীলে ঢাকা ,
বয়ে চলি শব ধোঁয়া কুণ্ডলী আঁকা ।
আমি হতে চেয়েছি সাগর -
বয়ে নিয়ে দুঃখ কষ্ট পূর্বাপর ,
নীল হয়ে রয়ে গেছি মন্থনের বিষে ;
ঢেউ দিয়ে বুঝিয়েছি আছে আজো কি সে !
কখনো শিখর দেশে বরফের স্তুপ ;
হয়ে গেছি পর্বত স্থবির নিঝুম নিশ্চুপ ,
ভাঙা প্রেম বরফের ফ্রেমে রাখি জমা,
ভাঙা মন কখনো করে না কারে ক্ষমা ,
তাই তারা জমে যায় মাথার উপরে ,
কান্নার ঝর্ণারা নেমে গিয়ে মিলে যায় সাগরে সাগরে ।
সবুজ বনানী হতে চেয়েছি -
পুড়ে খাক হয়ে গেছি দহনে ,
অজানা পাখির মত গেয়েছি -
বুক ভরা বেদনার অসহ সহনে ।
শুধু তুমি বোঝো নাই একা -
একবারও দাও নাই দেখা ;
আয়নায় চেয়েছি পিছু পানে ,
ভাঙা কাঁচ ভঙা মন কত শান্তি আনে ।
