একলা শহরে
একলা শহরে
গল্পে গোরু গাছে চড়ে ;
সাগরে দেয় ডুব,
একলা আমি এই শহরে ;
রয়ে গেছি নিশ্চুপ ।
ভালোই লাগে জন কোলাহল ;
মিছিলে মিছিলে বিদ্রোহী দল ;
টিয়ার গ্যাসে অশ্রু সজল ; নয়নে,
একলা শহর বিশ্রাম নেয় শয়নে ।
শহরের জন হাঁপায় যখন ;
পালিয়ে বাঁচে কোন নির্জন ;
পাহাড়ে সাগরে করিতে ভ্রমণ ; একাকী,
নি:সঙ্গতার জীবন নিয়ে একলা থাকি ।
গোধূলি অন্তে ধূলিভরা পথে ;
নিয়ন বাতির তীব্র আলোতে ;
চোখ ধাঁধানো হোর্ডিঙের সাথে ; পরিচয়,
আমার আমিকে একলা করি পরিণয় ।
কাব্যে বিরহী যক্ষ একা ;
সঘন বাদল মেঘের দেখা ;
এমনই যে তার ভাগ্যলেখা ; পেয়ে যায়,
খুঁজে মরি শুধু আমার আমিকে ; আঙিনায়।
এই শহরে একলা থেকে ;
মরুর তৃষা বক্ষে ঢেকে ;
বাদল নামে নয়ন থেকে ; চরণে,
শেষ খুঁজি তার একাকীত্বের মরণে ।
গল্পের গোরু চড়ে গাছে ;
আকাশে ওড়ে পাখনায়,
এমন স্বপ্ন আমারো আছে ;
একা ঢেকেছি ঢাকনায় ।
