শৈশব
শৈশব
স্মৃতি মেদুর ছোটবেলাটা হাতছানি দিয়ে
ডাকল আমায়,
ফিসফিসিয়ে বলল কানে
যাবি নাকি স্মৃতির পাড়ায়?
গিয়ে দেখি হাত ধরে দুষ্টু-মিষ্টি-
ছোট্ট হাসিরা খেলছে
ছেলেমানুষী যত খেলা-
খুশির দোলায় মেলামেশা
আজব খেয়াল,আজব নেশা।
শিশুসুলভ সরলতা-
যেন কোন সুরেলী ঝরনা।
কুলুকুলু বইছে সে আপন
খেয়ালে-আপন মনে।
কখনো আড়ি-কখনো ভাব,
কখনো বায়না-কখনো বা
বেজায় মুখ ভার।
তাও থাকা চাই আশেপাশে,
সবাই আছে সবার মনের মাঝে।
দৌড়োদৌড়ি-হুটোপুটি
আঘাত পেয়ে কান্নাকাটি-
একটু পরেই সব ভুলে
মনের আনন্দে লুটোপুটি।
সরল মনের অনুভূতি
নিষ্পাপ চোখের সৌম্য দ্যুতি।
দূরে দেখি
ধনী-গরীব,মান-অভিমান,
হিংসা-ইগো,ঘৃণা-অহংকার
সবাই আছে বেঞ্চে বসে-
উদাস মনে-বেজার মুখে,
সহজ সরল ছেলেমানুষী
নেয় নি তাদের খেলায় সাথে।
বললে তারা-এ দুনিয়ায় বড্ড বেমানান তোমরা-
খেলবো না তোমাদের সাথে।
বলবো না কোন কথা,
বড়ই জটিল-বড়ই কুটিল তোমরা-
সমাজ জীবনের বড় সমস্যা-
তোমাদের সাথে মিশলে
বিষাক্ত হবে মন,
হারিয়ে যাবে আমাদের সহজ সরল
নিষ্পাপ সুন্দর এই শৈশব।
