প্রকৃতি ভীষণভাবে বর্ষা চায়
প্রকৃতি ভীষণভাবে বর্ষা চায়
কাঁচের গায়ে আঁকা অচেনা অক্ষরে জলের নকশা;
আঁকাবাঁকা এলোমেলো ছবি উড়ে আসে,
ব্যাকুল মনের খোলা মাঠে;
বর্ষাকাল কলম সেজে,
ঝিরি-ঝিরি বৃষ্টির ফোঁটা আঁকে;
সোঁদা গন্ধ বয়ে আনে সাদা ডানায়;
নুনের পিপাসায় নদীর মিষ্টি জল সমুদ্রের দিকে আকৃষ্ট হয়;
স্ট্রিট-লাইটের হলুদ মাদকতায় মিশে যায় -
একরাশ বোকা পোকার দল;
মৌমাছি যেভাবে ছুটে যায়,
মৌয়ের খোঁজে ফুলের গোপন ঠিকানায়,
ঠিক সেভাবে আকৃষ্ট হয় প্রতি মুহূর্তে আমারও মন -
প্রকৃতির নির্ভেজাল সবুজ নেশায়;
আবছা কাঁচে এলোমেলো নদী বয়ে যায়;
জমে থাকা পুরোনো ধুলো ধুয়ে যায় বাষ্পে;
শুঁয়োপোকা লুকোয় ভেজা মাটির শীতলতায় -
প্রকৃতি ভীষণভাবে বর্ষা চায়|

