ফল্গুধারা
ফল্গুধারা
মনের মাঝে বইছে সবার
নানা চিন্তার ফল্গু ধারা,
সুযোগ পেলেই হঠাৎ করে
বাইরে উঁকি মারে তারা।
ভোলা ভালা শান্ত লোকটাও
কখনো রুদ্রমূর্তি ধরে,
নির্লোভ মনের চোখের কোণেও
সহসা লোভ উঁকি মারে।
চরিত্রবান লোকটার মনেও
হঠাৎ লালসা জেগে ওঠে,
স্বার্থে ঘা লাগলে বাড়ির শান্ত বৌ টির
মুখেও যেন খই ফোটে।
অকুতভয় মানুষটির মনের কোণেও
কোন ভয় লুকিয়ে থাকে,
নির্লজ্জ বেহায়া লোকটির
মনও কখনো রাঙা হয় রক্তিম লালে।
জেতার আশায় মনের হিংস্র দানবটা
দাঁত বার করে হাসে,
সুযোগ পেলে মনের মাঝে আদিম প্রবৃত্তিটা
হঠাৎ জাগে।
হাজার সংযমের বাঁধ ভেঙে যায়
প্রলোভনের যাঁতাকলে।
সংসার ত্যাগী যোগী সন্ন্যাসীও
সুন্দরী শিষ্যার প্রেমে পড়ে।
হিংস্র মনের মানুষটাও বুঝি
রাতে বিছানায় শান্তি খোঁজে,
অশিক্ষিত মানুষটিও লোকের
অন্তরের কথা বোঝে।
গুরুগম্ভীর লোকটির মনের মাঝেও
চাপা হাস্যকৌতুক নাচে,
পাষাণে পরিণত
মনের মাঝেও একটা কোমল হৃদয় আছে।
কঠোর শাসন করা পিতার মনে
বাৎসল্য লুকিয়ে আছে,
বৃদ্ধ লোকটির মনের মাঝেও
ছোট্ট শিশু ঘুমিয়ে আছে।
