মন-মাঝি মোর পাল তুলে ধায়
মন-মাঝি মোর পাল তুলে ধায়
মন-মাঝি মোর পাল তুলে ধায়
অশান্ত সাগর পানে
ঘুরে ঘুরেও পাইনে খুঁজে
ঠিকানা আমার কোনখানে।
এখন আমি হাল ছেড়ে
বসে অজানা গাঙের ঢেউয়ে
তোমায় স্মরণ করে
শিশু যেমন বিপদ দেখে
মায়ের আঁচলে মুখ ঢাকে।
মন যে আমার সদা পিয়াসী
বারেবারে দেখে তোমারি মুরতি
মেটে না আশা, বাড়ে প্রত্যাশা
পেতে চায় শুধু তোমারি পরশ
রাখিতে ধরে যুগযুগ ধরে
মম হৃদয়ের পিঞ্জরে।
বসন্তে যেমন কোকিল ডাকে
মূর্ছনা তুলে আনন্দে
ফুলগুলি জাগে প্রত্যুষে
মিলন আশাতে মেতে
মত্ত ভ্রমর গান গেয়ে যায়
ফুলের মধু খেয়ে।
তুমি ডাকবে আমায় সুপ্ত কণ্ঠে
বাতাসের বুকে ভেসে
আমি কান পেতে রই শুনবো বলে
আকাশ পানে চেয়ে।
