কৃষকের রক্তে ঘামে
কৃষকের রক্তে ঘামে
কাঠবেরালিরা এসে খেয়ে যায় পোকা কাটা ধান ,
চাষার দাওন শেষে টুন কিছু পরে থাকে মাঠে;
পোকাকাটা ধান সব ।–যে পোকারা বারোয়ারী ঠাটে
কৃষকের রক্ত ঘাম কেটে কেটে করে খান খান !
নবানের মাঠে তাই পেটে কারো পরেনাকো টান ।
পায়রা ঘুঘুরা এসে কিছু তার খেয়ে যায় খুঁটে
অবশিষ্ট ধান সব ইঁদুরের ঘরে গিয়ে ওঠে
অঘ্রাণের ইঁদুরের ঘরে শুধু ধান আর ধান ।
বেশিটাই রাহাজানি , বেপরোয়া ইঁদুরের পাল ,
কেবল পেঁচাকে ভয়- সরীসৃপ শীত ঘুমে আছে ;
মাঠে মাঠে তাই যত ইঁদুরের উৎসব নাচে
চাষার কঠিন হাতে ধরা থাকে পৃথিবীর হাল ।
সব প্রাণ বেঁচে থাকে কৃষকের রক্তে আর ঘামে
কৃষক ঘুমিয়ে গেলে পৃথিবীতে অন্ধকার নামে ।
