STORYMIRROR

Siddhartha Singha

Classics

3  

Siddhartha Singha

Classics

অপারগ

অপারগ

1 min
489

বন্যায় সব ভেসে গেছে

ক’টা জামাপ্যান্ট ছাড়া কিছুই আনতে পারিনি…

ত্রাণের লাইনে দাঁড়িয়ে কথাটা বলেছিল সে।


হঠাৎ করে ঘরে আগুন লেগে গেলে

কিংবা আচমকা ভূমিকম্প হলে

মানুষ কী নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে! কী নিয়ে!


ও রকম কোনও দিন যদি আমার জীবনে আসে

তা হলে কী কী নেব? কী কী?

তার একটা তালিকা তৈরি করে রেখেছিলাম আমি।


সেই তালিকার প্রথমেই ছিল

আমার কবিতার খাতা,

দ্বিতীয় স্থানে ছিল

আমার পোষা বেড়ালছানা,

আর তৃতীয় স্থানে 

ছেলেবেলায় পাওয়া আমার প্রথম প্রেমপত্র।

চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে আর কী কী ছিল

এখন আর মনে নেই।


যে দিন সত্যি সত্যিই ওই ভাবে আমাকে বেরিয়ে আসতে হল

সে দিন কিচ্ছু নিতে পারলাম না

না সেই প্রেমপত্র, না সেই ছোট্ট বেড়ালছানা

না সেই কবিতার খাতা

কিচ্ছু না। কিচ্ছু না। কিচ্ছু না।


এমনকী, নিজেকেও সঙ্গে করে আনতে পারলাম না।


Rate this content
Log in

Similar bengali poem from Classics