সুখী গৃহকোণ
সুখী গৃহকোণ
তপ্ত দহন আমার শরীর জুড়ে ;
তোমার ছোঁয়ায় শীতলপাটি হাত,
মাথায় শুধু একটা কথাই ঘুরে ;
কেমনে কাটাই আজকাল দিনরাত ।
উঠোন ভরা রঙ বেরঙের ফুলে ;
চোখে লাগে সবুজ শ্যামল ঘাস,
ইচ্ছে করেই গুঁজনি ফুল চুলে,
সকল সময় রান্না ঘরেই বাস ।
ছেলে কাঁদে কেবল মা মা করে ;
কত বা খেলে মোটরগাড়ি হাতে,
তখনো তুমি রইলে রান্না ঘরে ;
জ্বর এসেছে ছেলের সন্ধ্যে রাতে ।
হয়তো আমি ট্রেনে কিম্বা বাসে ;
ভীড়ের মাঝে খুঁজছি আপনায় ,
ভাবছ বুঝি আমার কি যায় আসে ;
ব্যস্ত মানুষ কাজের ভাবনায় ।
ভুল বকছে ছেলে জ্বরের ঘোরে ;
ভরসা কেবল তোমার শীতল স্নেহ ,
ছুটছ তখন চিকিৎসকের দোরে ;
ভীড়ের মাঝে বলল যেন কেহ ।
সটান আমি ঘরে ফিরে দেখি ;
সদর খোলা উঠোন চেয়ে পথে,
ফুল দিয়ে নাম তোমার তখন লেখি ;
আমার চেয়ে সুখী কে জগতে ?
হম দো ঔর হমারা ওহি এক ;
সবুজ উঠোন কল-কাকলি ভরা,
মোদের মনোবিন্দু যে সমরেখ ;
সুখী গৃহকোণ মোদের তৈরি করা ।
কেউ দেখি না একে অন্যের দোষ ;
চলে নিরন্তর সত্ত্বা ভাগাভাগি,
শান্তি যে গো মনেরই সন্তোষ ;
রাতে তুমি; দিনে আমি জাগি।
*******************************
