STORYMIRROR

Nityananda Banerjee

Fantasy Others

3  

Nityananda Banerjee

Fantasy Others

রূপকথা

রূপকথা

1 min
205

একদিন এক দুপুর বেলায় ;

হারিয়ে যাওয়া বন্ধু পেয়ে ,

মত্ত হলাম শিশুর খেলায় ;

বৃষ্টি এল ঝমঝমিয়ে।

শুকনো পাতা ভিজল যখন;

গায়ে তার বেঘোর জ্বর ,

বৃষ্টি হেসে বলল তখন ;

যা শুকিয়ে পাতার ঘর ।

দেখেছি আমি আকাশ জুড়ে

 যাচ্ছে বয়ে মেঘের ভেলা,

দেখেছি আমি চাদর মুড়ে ;

রাশি রাশি বরফ খেলা ।

বৃষ্টি এসে বললে আমায় ;

ফাঁকামাঠে একলা যে তুই !

সবাই যখন গরম জামায়

গা ঢেকেছে কাতলা ও রুই ।

লেখা পড়া জানিস যদি

লেখ না কিছু আমায় নিয়ে!

ঝড় বাদলে ভরলে নদী

কলমটা তোর যায় শুকিয়ে !

হিংসে করে আমি বলি -

যে হাতে রয় কালি-কলম ,

পেরিয়ে যায় আঁধার গলি ;

দু'চোখে তার কাব্য মলম ।

মন নয় যেন ময়নামতি,

হিরামনের হীরের ডানা,

বর্ষা রে তোর এ দুর্গতি,

মন ভেজানো আছে জানা?

রাগে থরথর বৃষ্টি কাঁপে,

ধমক দিয়ে জোর গলাতে,

নাক ডুবডুব শরীর মাপে ;

বাধা দিয়ে পথ চলাতে ।

বন্ধু অসাড় জ্বরের ঘোরে

 কেমন করে কবিতা লিখি !

পাতায় পাতায় ছন্দ ভরে,

মেঘ বালিকার কাণ্ড দেখি ।

বর্ষা বলে আসব যবে 

সপরিবার তোমার দ্বারে,

বৃষ্টি তখন ঠিকই র'বে,

কাজল মেঘের গগন পারে।

ভিজবে বাতাস ভিজবে মাটি,

ভিজবে বনের বৃক্ষলতা,

তোমার মনের খুঁটিনাটি

করবে যাচাই রূপের কথা ।

ঈষৎ বাঁকা অধরে তার

অস্তগামী কপট হাসি,

নীলকন্ঠের বিষের বাহার,

রূপকথাদের পূর্ণমাসি ।

জন্ম নিল পরীর দেশে;

নীল চিবুকের ছোঁয়া পেয়ে,

দুধ সাগরে উঠল ভেসে ;

চির চেনা এক ক্ষীরের মেয়ে ।

মুড়িয়ে গেল নটে গাছটি;

রূপকথা যেই হল শেষ,

ঠাকুরমার কোলের কাছটি,

নাতি পুঁতিতে জমল বেশ ।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy