গরমের আদরে
গরমের আদরে
মানিক চন্দ্র গোস্বামী
গ্রীষ্মের দুপুরে,
গরমের আদরে,
টসটস ঝরে ঘাম শরীরের মিনারে।
গরমেতে হাঁসফাস,
তেতে রয় আশপাশ,
শারীরিক খাটুনিতে বড় বড় পড়ে শ্বাস।
হাতপাখা ঘুরিয়ে,
হাওয়াটাকে উড়িয়ে,
স্বস্তির বোধটাকে টেনে দিই জাগিয়ে।
পাখার স্নেহ মা'র হাতে,
হাওয়া পাই দিনে রাতে,
এমন সুখের ছোঁয়ায় ঘুম আসে আঁখি পাতে।
সে যে এক যুগ ছিল,
হাতপাখা হাতে ছিল,
একটু হাওয়ার স্রোতেই খুশির তুফান এলো।
বিজ্ঞান দিল দান,
গরমেতে পরিত্রাণ,
হাত ছেড়ে পাখা পায় মাথার ওপরে স্থান।
আধুনিক এই কালে,
আরাম প্রিয় সুখী ভালে
তৃপ্তির ছবি এঁকে প্রযুক্তি এগিয়ে চলে।
আজ নেই হাতপাখা,
কৃত্রিম খুশি মাখা
ঠান্ডার যন্ত্র গুলো ঘরে ঘরে হলো রাখা।
আরাম বেড়েছে তবু,
কাজ নিয়ে সদা কাবু,
হিমেল ঘরটি ছেড়ে বেরোবে না বড়বাবু।
খেটে খাওয়া মজুরেরা,
ঘরে ফেরার নেই তাড়া,
সারাদিন রোদে পুড়ে রয়ে গেল পাখা ছাড়া।
xxxxx
