শনির দশা মানিক চন্দ্র গোস্বামী
শনির দশা মানিক চন্দ্র গোস্বামী
গরুর গাড়ি হারিয়ে গেল,
হারালো পাল্কী দোল,
আধুনিকতার সোপানে বসে
বন্ধ পাঠের টোল।
আর চলে না টমটম গাড়ি,
স্তব্ধ হলো ট্রাম,
কয়লার ট্রেন ছুটছে না আর
ঝরছে না আর ঘাম।
হারিয়ে গেল রাজার শাসন
নেই জমিদারি প্রথা,
মন্ত্রীরা সব কেদারা পেল,
কাজের বদলে কথা।
হারিয়ে গেল শ্রদ্ধা, ভক্তি
হারালো গুরুর মান,
সম্পর্ক যত আলগা হলো,
ঘুচলো নাড়ির টান।
বিপদ কালে বন্ধু এসে
হাত রাখতো হাতে,
মায়া, মমতা সব হারিয়ে
শত্রু বাড়লো সাথে।
অক্ষর জ্ঞান ছিল না তবু
শিক্ষিত ছিল জনে,
মনুষ্যত্ব হারিয়ে গিয়ে
ক্রোধ বাড়লো ক্ষণে।
সহজ ছিল, নির্মল ছিল
নিঃস্বার্থ ভালোবাসা,
প্রেম, প্রীতি, দয়া হারিয়ে গিয়ে
ঘিরলো শনির দশা।
