সাক্ষরতায় সাহস
সাক্ষরতায় সাহস
সাক্ষরতায় সাহস
মানিক চন্দ্র গোস্বামী
জীবন ছিল অক্ষরবিহীন, আঁধার রাতে চলা,
অজ্ঞানতার গহ্বরেতে অসহায়তার জ্বালা |
বুড়ো আঙুলের টিপ সইয়ে, কালিমার পরিচয়,
কাগজেতে ছাপ, মনের গভীরে লাঞ্ছনা অতিশয় |
লোক সমাজে তাল মেলেনা, লজ্জায় মাথা নত,
হীনমন্যতা মনের মাঝে, আচরণে কুন্ঠা অবিরত |
পৃথিবী দ্রুত এগিয়ে চলায়, পিছিয়ে পড়ার গ্লানি,
নির্বোধ রূপে প্রতিভাত হয়, কপালের দোষ মানি |
জ্ঞানের বিকাশ ঘটলো যবে সাক্ষরতার সাথে,
কলম খোঁচায় কালির দাগে দাঁড়াই সাহসিকতার রথে |
লাঞ্ছনা ঘোঁচে একটি সইয়ে, মনেতে আসে বল,
নিষ্ঠার সাথে আস্থা হয়েছে জীবনের সম্বল |
নিজের হাতে নিজের নামটি কলম কালির ছোঁয়ায়,
চোখের সামনে হয় প্রতিভাত, ঘুঁচে যায় কালিমায় |
নতুন পৃথিবী চোখের সামনে আলোর দ্যুতিতে মাতে,
স্বাধীন সত্ত্বার বিকাশ হয়েছে কলম সাক্ষরেতে |
শিক্ষার আলো এগিয়ে দিলো কয়েক যোজন পথ,
জ্ঞানের বিকাশে উন্নত হলো জীবনের জয়রথ |
পিছিয়ে যেন পড়ো না কেউ আর অজ্ঞানতার কক্ষে,
সাক্ষরতার ছন্দ ফুটুক, সাহস জাগুক বক্ষে |
xxxxxx
