বিষাদ
বিষাদ
বিষাদ
মানিক চন্দ্র গোস্বামী
নীরব রাতে বন্ধ যখন হয়না চোখের পাতা,
মন খারাপের মলিন মেঘেরা জমতে থাকে বুকে,
হারিয়ে যাওয়া অতীত স্মৃতির অগোছালো ছেঁড়া খাতা,
চোখের সামনে বেড়ায় ভেসে, খোঁজে সুপ্ত সুখে।
খোলা জানালায় বিছানা জুড়ে কোমল চাঁদের আলো,
শীতল, মধুর স্বপ্নের সাথে বাড়ায় মনের ব্যথা,
অকারণে ভিড় করে আসে অব্যক্ত কথাগুলো,
তবু গোপনতার কুটির মাঝে স্তব্ধ মনের কথা।
আবার কোনো বৃষ্টি ভেজা বিকেল বেলার শেষে,
মনের মাঝে অচেনা এক শূন্যতা দেয় ডাক,
গভীর বিষাদ হৃদয় কক্ষে বিদ্রুপ, উপহাসে,
চুপি চুপি মনের কোণে আঁকে নীরব দাগ।
যদিও হঠাৎ এমন বিষাদ আঘাত দিতেই আসে,
তবু করুনার সুরে নরম মনে শেখায় ধৈর্য ধরা,
অশ্রু ঝরায় শীতল হাওয়ায় ভোরের মৃদু ঘাসে,
লঘু হলেও কোমল হৃদয় জমাট ব্যথায় ভরা।
ভারাক্রান্ত মনের গভীরে লুকিয়ে থাকা আশা,
গুনগুনিয়ে গাইতে থাকে বিষন্নতার গান,
তবু হতাশাময় অন্তর জুড়ে জেগে ওঠে ভালোবাসা,
নতুন করে বাঁচার বাসনায় অবসন্ন প্রাণ।
