একাকীত্ব
একাকীত্ব
মেঘলা আকাশ একলা চাঁদের আলোয় ;
মলিন বীণায় মন খারাপী সুর ,
একলা আকাশ নিঝুম রাতের কালোয় ;
চেতনা চৈতন্য সবি আলোকবর্ষ দূর ।
একলা সাগর ক্ষিপ্ত হয় ক্রোধে ;
নির্জন বনে সবুজ অবুঝ মন ,
ক্রন্দসী তার নীরব প্রতিরোধে ;
দীর্ণ করে কালের বিবর্তন ।
সৌরদীপ্ত চিত্ত যবে হারায় ;
মনখারাপের একলা কোন ঝড়ে,
আমার তখন তেমন বাদল ধারায় ;
একলা শুধু তোমায় মনে পড়ে ।
শুকনো পাতার নূপুর বাজে পায় ;
ছন্দ হারা আঁখি পল্লব পাতে,
মন খারাপী অমনি চলে যায় ;
কৃষ্ণ কালো কাজল ঘন রাতে ।
কেউ পাশে নেই ; আঙিনা কাননে ;
একলা আমি মলিন চাঁদের আলোয়,
জানি না কি আসে আমার মনে ;
কিছু লেখা ছড়িয়ে দেই কালোয় ।
