বাসস্টপে
বাসস্টপে
বাসস্টপে হঠাৎ সেদিন দেখা -
আমার আঁকা ছোট্ট চিত্রলেখা
হারিয়ে যাওয়া বিজ্ঞাপনের ভীড়ে,
পরিমাপে একটি বিয়ের পিঁড়ে -
পড়ল চোখে আঁধারি আলোকে ;
নয়ন মেলে দেখতেছিলাম ওকে ।
আমার প্রেমের প্রথম প্রতিচ্ছবি -
তারার ভীড়ে হকচকিয়ে ওঠে ,
কলেবরে উঠল জ্বলে সবই -
স্নিগ্ধজিতা কুসুম যেমন ফোটে ।
দুই মিনিটের স্টপেজের মাঝে -
দেখছি আমি কতই অসহায়,
সকালের ফুল মলিনতার সাঁঝে -
একটু একটু তেমনই শুকায় ।
বুকের ভেতর দুঃখ অবিরত -
হৃৎপিণ্ডে পিণ্ডি দিতে থাকে,
প্রথম প্রেম হয়তো নিয়ত -
এমনি করেই অবহেলায় রাখে ।
বাস ছেড়ে যায় গন্তব্যপানে -
হাড়ভাঙা কোন বেদনারই সুরে ,
ক্ষুব্ধ হয়ে আকাশের সোপানে ,
চলে গেছি আলোকবর্ষ দূরে ।
হয়তো সেথা' ঝুলছে ভালবাসা -
করথে সেথা' মরণপণ লড়াই ,
আমার মনের ক্ষিপ্ত দুর্বাসা ,
পঞ্চমুখে করে তারই বড়াই ।
স্নিগ্ধজিতা অপার তোমার হৃদি !
স্নিগ্ধজিতা সুবাস ভরা সুভাষ,
ছিলাম আমি তোমার প্রতিনিধি -
প্রেম আমার আস্ত গোলাপখাস ।

