আনন্দ মেলা
আনন্দ মেলা
আনন্দ মেলা
মানিক চন্দ্র গোস্বামী
ছায়া সুশীতল অশথ তমাল তলে
বসেছে আজিকে মেলা,
গমগম করে লোক চলাচলে
বাতাসে খুশির দোলা |
পণ্য এনেছে ব্যাপারী কত
বিক্রি হবার আশে,
সাজিয়ে রেখেছে ডালা ভরে যত
আপনার আশেপাশে |
ক্রেতা-বিক্রেতার সমাহারে আজ
জেগেছে গাঁয়ের মেলা,
রঙিন বরণ অপরূপ সাজ
সেজেছে অশথ তলা |
জিনিস কেনার দরাদরিতে
বাতাস উঠিছে কেঁপে,
ভেঁপু শব্দের মাতামাতিতে
মাতে পাখি গাছে, ঝোপে |
ছেলে-মেয়েদের ভিড় বেড়েছে
খেলনা, বেলুন পাশে;
কেউ চিৎকারে, কেউ বা নাচে
প্রাণখোলা হাসি হাসে |
সকল জাতের ছোট বড়ো আজ
মেতেছে আনন্দ মেলায়,
ফেলে রেখে সবে আপন কাজে
দুলছে খুশির দোলায় |
বছর পরে একদিন আসে
এমনি আনন্দ মেলা,
দিবস শেষে আসিলে সাঁঝে
যায় ফুরায়ে খেলা |
মেলামেশা আর হাসি-তামাসায়
আনন্দ জাগে ভবে,
একঘেয়ে, কটু জীবন পথে
বাঁচার প্রেরণা পাবে|
