আমার আমি
আমার আমি
দু:সহ ব্যথা বুকে বাজে ;
খুঁজে পাই আমার আমিকে,
দিবস রজনী যায় কাজে ;
বেদন- তন্দ্রা চেয়ে দামী কে ?
আকাশের তারা ভরা রাত ;
মলিন জোছনা কঞ্জুষী তার,
দু'চোখের তারা দু'টো কাত ;
ভয় করে আমিটারে হারাবার।
মান সম্ভ্রম আদি কষ্টের ;
অনুভব করি যে হৃদয়ে,
আমিটাই গোড়া যত নষ্টের ;
পুড়ে খাক হয় পরাজয়ে ।
আমার এই আমিটাকে বুঝি ;
বিসর্গ মাঝ খানে বসিয়ে,
অনুপাতে ভরা আমি খুঁজি ;
আকাশের কোন তারা খসিয়ে ।
ভালো আর মন্দের দ্বন্দ্ব ;
সংখ্যার তত্ত্বে নয় মাপা,
শিকারী পায় শিকারের গন্ধ ;
বাড়ে উভয়ের বুক কাঁপা ।
আমার আমিটা আজ বন্দী ;
ভয় দ্বেষ অহমিকা জালে,
চারিদিকে দেখি শুধু ফন্দী ;
কে আগে লয় হয় কালে ।
দূরত্ব যে সময়ের ব্যবধান ;
কাল মাপে কোন আলো-বর্ষ,
বুকে বাজে আমিত্বের অভিমান;
গ্রহ তারা পরাজিত হর্ষ ।
ভালবাসা প্রেম প্রীতি সকলি ;
স্নেহ মাখা অন্তর বাসনা ,
জাত পাত ধর্মের সে কলি ;
মানবিক ফুল হয়ে হাসো না !
