ভো কাট্টা
ভো কাট্টা
আমি এখন ভো কাট্টা ঘুড়ি---!
যখন আমি ছিলাম ঘুড়ি -
তখন আমি মহাকাশে উড়ি ।
লাটাই থাকতো মালিকের হাতে
ছেলেরা হাত মেলাতো হাতে হাতে
করতো হৈ হৈ.... নীচে মাঠে
আমিও মহানন্দে উপরে আর পাঁচটার সাথে
কত উচুতে ! যেখান দিয়ে উড়োজাহাজ যায় ,
একদিন তো ধাক্কা লাগে লাগে
তারপর বেঁচে গেলাম !
তখন আমার কত আনন্দ !
তারপর , আমার ঐ বন্ধু ...
না , না বন্ধু নয়....শত্রু ....!
বন্ধু ছিল এক সময়
তখন আমরা পাশাপাশি উড়তাম ,
ও যখন মাথা দোলাতো
আমিও তখন মাথা দোলাতাম ।
ও যখন ডান দিকে ঝুঁকতো
আমি তখন বাঁ দিকে ঝুঁকতাম
ও যখন সোজা উঠতো
আমিও তখন সোজা উঠতাম ....
তারপর ঐ বন্ধুই আমাকে কেটে দিলে
বিশ্বকর্মা পূজার দিন ....ঝাঁজ ঘন্টা বাজছিল
কত আনন্দ হচ্ছিল ....!
আমি বুঝতেও পারিনি--ও এতো নিষ্ঠুর !
তারপর ভাসতে ভাসতে .....
এই সুপুরি গাছের মাথায় আটকে গেলাম !
সেই থেকে এখানেই ঝুলছি । কত দিন থাকবো
তাও জানি না !
আমার ডানা গেছে ফেটে
ল্যাজ গেছে ছিঁড়ে
প্লাস্টিকের বলে কোনোরকমে টিকে অছি এখনও
নইলে .. ইস. .! সমস্ত বর্ষা টা আমার ওপরে গেলো
এখন আর আমার কোনো মূল্য নেই
কেউ আমার দিকে তাকায়ও না ..
আমি যে ভো কাট্টা ঘুড়ি!
