লা
লা
কি রে পাগলি কেমন আছিস? ৭ বছর পর আজ আবার জ্বালাতে এলাম ।মনে আছে আজ কি? জানতাম তুই মনে রাখবি না কিন্তু আমি মনে রাখবো।আরে আজই তো আমাদের আলাপ হয়েছিল, হমম রে আজই ।কিন্তু আপসোস দিনটা আছে আমি আছি তুই আছিস কিন্তু তোর সেই মোহোটা নেই ।ভালোবাসা থাকলে কি যেতে পারতিস আমায় ছেড়ে।দেখতে দেখতে ৭ বছর পাড় করলাম তোকে ছাড়া,কোনোদিন ভাবিনি জানিস থাকতে পারবো কিন্তু পেরেছি আমি ।তুই হয়তো এখন বড় ঘরণী হোলি,কিন্তু প্রেমিকা হতে পারিসনি কোনো দিনও।তোকে দেখলাম দু দিন আগে ওই রেল গেট এর কাছে তুই চারচাকা গাড়ির কাঁচের ওপারে ।৭ বছরে অনেক পরিবর্তন দেখলাম তোর মধ্যে।ছেলেও বড় হয়েছে দেখলাম তো।তা কি নাম দিয়েছিস রে ? আচ্ছা তোর বর্ কেমন? আমার মতই বইপ্রেমী? বসন্তের বিকালে পলাশ ফুল পেড়ে পরিয়ে দেয় তোর খোঁপায়....?
না এমনি জিজ্ঞেস করছিলাম আরকি ।কিন্তু একটা কথা আমি আজও বুঝলাম না তুই কেন আমায় ছেড়ে গেলি?আমি হয়তো ভুল ছিলাম।জানি সামান্য এক পরিবারের বেকার ছেলের সাথে ঘর বাঁধার ইচ্ছে তোর হয় তো কোনোদিন ছিলই না।আমি বই ভালোবাসি বলে তুই রবি ঠাকুরের গল্পগুচ্ছ আর গীতবিতান বইটা আমায় দিয়েছিলি সেই উপহারে আমি বেশ খুশি ছিলাম হ্যাঁ হয় তো আমি তোকে তেমন কিছু উপহার দিতে পারিনি ,শুধু দিয়েছিলাম আমাদের রথের মেলায় কেনা কম দামী একটা সুন্দর সাজের জিনিস তুই যে সেটা ব্যাবহার করিসনি সেটাও আমি জানতে পেরেছিলাম।
সেই গীতবিতান এর এক একটা গানে তোকে খুঁজে নিতাম আমি। তোর মনে আছে আমি গাইতাম ' তোমার খোলা হাওয়ায় ' গানটা ,তোর খুব পছন্দের ছিল খুঁজে নিয়েছিলাম সেই গানে তোকে। আগে তুই দেখেছিলি এক ছোট্ট তাকে বইটা ছিল, এখন সেই বই দুটো সযত্নে তুলে রেখেছি আমার ঘরের কাঁচের পাল্লা দেওয়া দেওয়াল আলমারিতে।
থাক ছাড় ওসব কথা জানিস আমি এখন স্কুল মাস্টারের চাকরি পেয়েছি।মাস গেলে ভালোই পাইনে পাই ,আগে তুই মেলায় গিয়ে পুতুল কিনে দেবার জন্য বায়না করতিস মনে আছে!তখন পুতুল কিনে দেবার টাকা ছিলনা কিন্তু তুই ছিলি আর আজ দেখ টাকা আছে তুই নেই।যেদিন তুই বললি আমার বিয়ে সেদিন আমি মোটেও কাঁদিনি রে, তুই কি ভাবলি আমি কাঁদবো না না ভুল ভেবেছিলি তুই ।
আমি জানতাম না তোর টাইম পাস ছিল এগুলো ,যবে জানলাম তখন অনেক দেরি হয়ে গেছে ।তোর বিয়ের ঠিক এক সপ্তাহ আগেই জানলাম আমার এক বান্ধবীর কাছে।তোর যে ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে আছে সেটাতো বলিসনি! আমি আমার সব টুকু উজাড় করে তোকে ভালোবাসলাম আর তুই ঠকালি আমায়!আমার বিশ্বাসের এই পরিণতি হলো! তখন নিজেকে শান্ত করার জন্য গীতবিতান খুলে গেয়েছিলাম ' তবে তুমি যাহা চাও তাই যেনো পাও'। আর সে গীতবিতান খোলা হয়নি,আজ রাতে আবার খুলবো সেই বই আর গাইবো ' তোমার খোলা হাওয়া '।
এখন আর বসা হয়না সেই বাস স্ট্যান্ড এ,হয়না হোয়াটস্ অ্যাপ এর রোমান্টিক স্ট্যাটাস দেওয়া,হয়না পাগলী বলা ,হয়না তোর ওপর অভিমান, যেটা হয় সেটা হল তোর সেই 'তুমি 'বলে ডাকাটাকে খুব মিস করি আর তোর 'আসছি 'ও 'সাবধানে যাস 'কথাটাকে। স্মৃতির খাতায় যেসব ধুলো ছিল আজ একবার পরিষ্কার করলাম আর হয়তো খোলা হবে না সে খাতা ।আজ আমার বিয়ে, কি কপাল দেখ আজকের দিনেই আমাদের আলাপ হয়েছিল হিসাব মতো আজ আমাদের love anniversary আর আজই...। মেয়ে সুন্দরী , শিক্ষিতা,চিন্তা নেই আমার মত পাগলকে সামলানোর ক্ষমতা আছে তার।হয় তো তার কপালেই আছে আমার হাতের কাজলের টান।আমার নিজের জীবনটা আমি নিজেই সাজিয়ে নেবো।তোর দেখানো স্বপ্নের কোনো দরকার হলো না।
'হ্যাঁ যাচ্ছি' -ওই ডাক এলো, আমাকে যেতে হবে ,খুব ব্যস্ত রে ,সময় নেই। গায়ে হলুদ শুরু হবে আমি গেলেই। আমি গেলাম, যাই রে ।ভালো থাকিস আর আমাদের শুভকামনা জানতে ভুলিস না যেন ।and happy love anniversary।।
