রঙ পেন্সিলে আঁকা
রঙ পেন্সিলে আঁকা
রঙ পেন্সিলে তোমার ছবি আঁকি;
মুখময় তার মৌচাকের মত দাড়ি,
অযূত নিদ্রায় কেমন স্বপ্নে থাকি ;
মৌচাক নয় ; যেন ছুটন্ত রেলগাড়ি।
রঙ পেন্সিলে তোমার ছবি আঁকি ;
সোনালী রঙা মৌমাছি ব্যস্ত কাজে ,
হৃদয়ে আমার ব্যর্থতা পুষে রাখি ;
মরমে মরি বিম্বিত লোক লাজে ।
রঙ পেন্সিলে তোমার ছবি আঁকি;
মনে ক্ষণে ক্ষণে দিব্য উদ্ভাষন ,
রোদ চন্দ্রিমা ছাঁকনি দিয়ে ছাঁকি ;
ফুটে উঠে কত আলোক বিকিরণ ।
রঙ পেন্সিলে তোমার ছবি আঁকি ;
আগুনের তাপে উপরে উঠে ভাপ ,
শিব গড়তে বানর হল নাকি ;
রঙ পেন্সিলের মনে বড় অনুতাপ ।
বসন্তের ভোরে বললে আমায় ডেকে ;
' এত রামধনু কোথা' হতে পেলে ' ,
পণ করেছি আমি সেদিন থেকে ;
আঁকবনে আর কোন রঙ পেন্সিলে ।
সেই থেকে আমি ক্যানভাসগুলো ছেড়ে ;
হৃদয়ে তোমার ফুটিয়েছি এই ফুল,
ইতিহাসও তাই পারেনি নিতে কেড়ে ,
রঙ পেন্সিলে আঁকা তব এলোচুল ।

