প্রথম চুমু
প্রথম চুমু
পাগলা কেন প্রেমিক হয়ে আসে ;
জানালা খোলা দমকা ঝড়ো হাওয়া,
ছুঁড়ে দেওয়া চুমুর গন্ধ ভাসে ;
ঝুল বারান্দায় আমার আসা যাওয়া ।
পাই না কোন বনলতার ছোঁয়া;
ঝোপে ঝাড়ে আটকে থাকা ধূলো,
শিউরে উঠি দাঁড়িয়ে যায় রোঁয়া ;
প্রেমের আমার নেই যে চালচুলো !
মহুয়া তলে মন মদিরা নাচে ;
ধিতাং ধিতাং মাদল বাজে বুকে,
মরচে পড়া স্মৃতির ভাঙা কাঁচে ;
প্রেমিক আমার কপালটা তার ঠুকে ।
এলোচুলে যেই না যাই ছাতে ;
হিমেল হাওয়ায় নিতে মিষ্টি রোদ ,
ফ্লাইং কিসে খোয়াই নিজের জাতে ;
সোনা রোদের গোনা জীবন বোধ ।
কলা পাতার টিয়া টিয়া রং ;
আকুল করে কলা মোচার ঘন্ট,
মন উদাসী সাজতে চায় সঙ্ ;
পাগলা চুমু মদ গেলে আকন্ঠ ।
মদের গন্ধ পেঁয়াজ খাওয়া মুখে ;
ভুল হয়নি চিনতে তার স্বাদ ,
প্রথম চুমু দিয়েছে দোলা বুকে ;
ফ্লাইং কিসের এ কোন অপরাধ !
পুরুষ মানুষ বন্ধু সেজে আসে ;
ধান্দাবাজের সেও তো এক ছল,
মাতাল প্রেমিক আমায় দেখে হাসে ;
প্রথম চুমুর দোষটা কোথায় বল !
ফ্লাইং কিসের ডাইং স্পীচের ভাষা ;
বুঝিনি তাই ; এতই অসাড় আমি,
প্রথম চুমু এমনি যে সর্বনাশা ;
বুকে বসে হাসেন আমার স্বামী ।

