প্রস্থান ( সনেট )
প্রস্থান ( সনেট )
আশঙ্কার বীণা বাজে হৃদয়ের মাঝে,
চকিত চরণে চলি চিকিৎসার দ্বারে ,
যে প্রিয় পরাণে মম দ্রিমিদ্রিমি বাজে,
নিশুতি রাতের বেলা ধরে রেখ তারে ।
বিনিদ্র রজনী যদি প্রত্যূষার তরে,
কেটে যায় একা একা যদি চিরকাল,
তুমি না আসিলে আর মোর ভাঙা ঘরে,
জ্বলিবে না সাঁঝ বাতি আরত্রিক ঢাল ।
বড় একা লাগে তাই ঘুম নাহি আসে,
দিবস রজনী যায় চাহিয়া চাহিয়া ,
জানিবে না কোনদিন ঘর পোড়া বাঁশে,
বসে না ভ্রমর তায় আর গুঞ্জরিয়া ।
ছেড়ে যদি গেলে তবে ফিরিও না আর,
সকলেই জানে ভব মায়ার সংসার ।
