নেমে আসুক বর্ষাধারা
নেমে আসুক বর্ষাধারা
নেমে আসুক বর্ষাধারা
মানিক চন্দ্র গোস্বামী
গ্রীষ্মের দাবদাহে ওষ্ঠাগত প্রাণ,
সূর্য্যের শাসনে তৃষ্ণায় জ্বলে বুক,
তপ্ত শরীর শীতলতা খোঁজে ছায়ায়,
রুক্ষতা শুস্ক জমির পোড়া ঘাসে।
খাল, বিল, নদী বর্ষার আশায়,
বিলিয়ে দিয়েছে জল বাষ্পের রূপে,
যেটুকু সঞ্চয় ছিল চাষের মাটির কোলে,
শরীর আজকে ফুটিফাটা নিঃস্বার্থ দানে।
পশু পাখির চেহারাতে প্রকট হয়েছে ক্লান্তি,
শুষ্ক জিহবা হাঁপিয়ে উঠেছে তপ্ত আগুন বানে,
অসহায় জীবের দুচোখে উদ্বেগের দৃষ্টি,
বিরক্তি, অনিশ্চয়তা পৃথিবীর চিন্তিত মুখে।
আশা জাগে ঈশান কোণে কালো মেঘের সমাগমে,
বুক ভরে শ্বাস গ্রহণ ইচ্ছা জেগে ওঠে ধরাধামে।
ঝম ঝমিয়ে নেমে আসুক অনেক আশার বারিধারা,
শুষ্ক চোখে গড়িয়ে পড়ুক আনন্দেরই অশ্রুধারা।
জুড়িয়ে যাবে তাপের প্রকোপ, শীতল হবে জ্বালা,
শুষ্ক মাটি তৃপ্ত হয়ে দেখবে জলের নৃত্যকলা।
প্রাণী, উদ্ভিদ অবগাহনে হয়ে যাবে আত্মহারা,
নেমে আসুক অঝোর ধারায় শ্রাবনেরই বর্ষাধারা।
