STORYMIRROR

Arijit Ojha

Classics

4  

Arijit Ojha

Classics

লিখতে চেয়েছিলাম

লিখতে চেয়েছিলাম

1 min
543

লিখতে চেয়েছিলাম, 

একটা রামধনু রাঙা স্বপ্ন, আকাশজোড়া।

যেখানে খুঁজে নেবো,

দিনের আঁধারে, হারিয়ে যাওয়া, রাত জাগা তারা। 

লিখতে চেয়েছিলাম, 

এক পশলা বৃষ্টি ভেজা, প্রথম চিঠিখানি,

শেষ বিকেলের আলোয়,

ভেসে যেত যে, পেয়ে মেঘ কিশোরীর গোপন হাতছানি। 

লিখতে চেয়েছিলাম,

সেই ছোট্ট একরত্তি শিউলিফুলের গল্প।

যাকে ভুলতে চেয়েও,

মনের কোনায়, আনমনে বাঁচিয়ে রেখেছি অল্প।

লিখতে চেয়েছিলাম,

অট্টালিকার আড়ালে, হারিয়ে যাওয়া গলিপথের জীবন।

আর সেই গলির বাঁকে,

রংচটা দেওয়ালে, মুছে যাওয়া হাজার স্মৃতির কাহন। 

লিখতে চেয়েছিলাম,

মেঠো সুরে লুকিয়ে থাকা, সত্যি ভালোবাসার গান। 

সাত সমুদ্দুর পার করে,

যা বেঁধে দেয় বুকে, ঘরে ফেরার টান।  

লিখতে চেয়েছিলাম,

সাদা কাপড়ে, রক্তের দাগে লেগে থাকা প্রশ্ন কয়েক হাজার। 

পোড়া মোমবাতির ছাই এ,

একে একে, মিলিয়ে গেছে যাদের শেষ বিচার। 

লিখতে চেয়েছিলাম, 

সেইসব গল্পদের, যারা শুরুর আগেই, হয়ে গেছিলো শেষ। 

যে গল্পের স্বপ্নগুলো,

ভোরের কুয়াশার মতোই, যেন হঠাৎ নিরুদ্দেশ। 

লিখতে চেয়েছিলাম,

এলোমেলো শব্দগুলোর, বোবা ক্যানভাসে আঁকা একটা ছবি। 

আর সেই ধূসর রঙে,

বেখেয়ালে মিশে যাওয়া, এক পথ হারানো কবি। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics