ভেজা ছাদ
ভেজা ছাদ
আকাশের ভাগ-বাটোয়ারা হয় সন্ধ্যের আগমনে;
একপ্রান্তে জমে থাকে নরম লালচে আভা,
অন্যদিকে নীল রং মেখে থাকে সবটা;
সন্ধ্যে ঘনায় ঘড়ির কাঁটা ধরে,
লাল রঙে মরচে ধরে,
ময়লা জমে নীলে;
গাঢ় নিশীথের নেশায়,
নীল আকাশের বুকে -
তখন যেন শুধুই কালো গন্ধ;
হৃদয়ের জানালা হাট করে খুলে,
হলুদ জোনাকিরা ভেসে যায়,
সেই অন্ধকারে প্রদীপ জ্বালতে;
ছোট-ছোট আলোর টুকরো,
উড়ে গিয়ে আকাশের দূরত্বে,
তারা-নক্ষত্র সেজে ওঠে;
পঙ্গপালের দল ঘাসের উচ্চতা অতিক্রম করে,
বর্ষাকালের আবেদন জানায় -
মেঘেদের কাছে গিয়ে;
নীরবে দাঁড়িয়ে আমি শিশির কুড়োই;
ইতিমধ্যে,
চাঁদের আলোয় বাড়ির ছাদটা যায় ভিজে|
