শহরের ইতিকথা
শহরের ইতিকথা
Week-39
শহরের ইতিকথা
মানিক চন্দ্র গোস্বামী
আমার শহরে ইঁটের পাঁজরে শতেক কাহিনী গাথা,
কত ঘটনার সাক্ষী হয়ে,
প্রকৃতির রূঢ় প্রতাপ সয়ে,
সগৌরবে বহন করিছে শৌর্য্য, শক্তি, সাহসের ইতিকথা।
শহরের প্রতি অলিতে গলিতে সহস্র লোকের ভিড়,
রাস্তায় বেগবান গাড়ির আর্তনাদ,
অচেনা পথিক গুনিবে প্রমাদ,
তবু, চঞ্চলতায় পূর্ণ শহরে গড়েছি সুখের নীড়।
শহর আমার মিলন ক্ষেত্র,সর্ব ধর্ম, জাতির,
শিল্প, বিজ্ঞান, সংস্কৃতির সংগম।
জ্ঞানী, বিজ্ঞানী, মহর্ষিদের সমাগম।
প্রাণবন্ত, ব্যস্ত শহরে অনির্বান শিখা প্রদীপ ভাতির।
জন্ম আমার এই শহরে, আমার প্রাণের শহর,
ভালোবাসায় ভরিয়ে দিয়েছি তাকে,
অহংকারে হৃদয় ভরে থাকে,
দূর ভ্রমণেও মনের মাঝে উদিত অষ্ট প্রহর।
