পূর্ণ প্রহর
পূর্ণ প্রহর
তুমি শান্ত সবুজ পর্ণ, তোমায় ছুঁয়ে দেখবো আমি!
নীরবে হেঁটে চলে যাবো, ধুলোর ভিড়ে আচ্ছন্ন থাকবে তুমি।
এখন তুমি সতেজ আছো, দেখবে তোমায় সবাই এসে,
ঝরে পড়ার সান্তনাটাও, দেবে না কেউ ভালোবেসে।
আসবে একপাল ভবঘুরে, ধুলো ছিটিয়ে যাবে চলে,
প্রতীক্ষাতে থাকবে তুমি, পড়লে বৃষ্টি ভিজবে জলে।
প্রেমধ্বনি শুনতে পাবে, প্রেমের পাখিরা আসছে উড়ে,
প্রণয়বন্ধন অটুট তাদের, চিত্ত ছিন্ন হবে না ঝড়ে।
প্রেমের মনন ঠাওর করে, হাসবে তোমার অবোধ হৃদয়!
সূর্যরশ্মি বিলীন হবে, দেখতে পাবে চন্দ্র উদয়।
দিনের শেষে শুন্য স্থানে, একলা বিরাজ করবে তুমি,
তখন তোমার বন্ধু হবে, ধূলিকনা আর রুক্ষ ভূমি।
আধার রাতে, স্তব্ধ হয়ে দেখবে কিছু দুষ্ট ছেলে!
নেশার বোতল ছিটকে ফেলে, টলতে টলতে যাচ্ছে চলে।
দিন হবে পার শুকিয়ে যাবে, তোমায় মাড়িয়ে চলে যাবে!
আমি যখন আসবো ফিরে, নীরবে তুমি ধুলোয় রবে।।
~ গাছ থেকে মাটিতে সদ্য ঝরে পড়া একটি কচি পাতাকে উদ্দেশ্য করে আমার দৃষ্টিকোণ থেকে পার্কের সম্পূর্ণ একটি দিনের বর্ণনা আমার কলমের ছোঁয়ায় ছন্দাকারে ফুটিয়ে তুললাম।
