প্রবাসের চিঠি - অনিন্দ্য ঘোষ
প্রবাসের চিঠি - অনিন্দ্য ঘোষ
ছোট্ট চিঠিতে লিখছি জীবন সুদূর প্রবাস থেকে,
পোস্টকার্ডটাই আমি ভেবে আঁকড়ে রেখো মা বুকে,
পড়ছে মনে কত কথা, লিখতে বসে আজ,
টুকরো কথা, টুকরো ছবি, স্মৃতির কোলাজ,
পড়ছে মনে দেশের কথা সকল কাজের মাঝে,
আমার দেশে শরৎ এখন, সবাই পুজোর সাজে,
পাঁচটা দিনের জন্য হলেও আসছে উমা বাড়ি,
তোমার উমা অনেক দূরে মা, সাতসমুদ্র পাড়ি,
তাইতো বছর ঘুরলেও মা হয়না তোমার কাছে আসা,
পোস্টকার্ডটাই বয়ে আনে তোমার গন্ধ, ভালোবাসা,
ওটাই যখন ঠেকাই মাথায়, তোমার পরশ পাই যে মনে,
আঁচল হয়ে মাথার উপর আগলে রাখে সংগোপনে,
পোস্টকার্ডটাই বয়ে আনে শিউলি ঝরা ভোরের সুবাস,
চেনা উঠোন, চেনা সে মাঠ, মাথার উপর চেনা আকাশ,
পোস্টকার্ডেতেই তোমার সাথে কখনো ভাব কিম্বা আড়ি,
পোস্টকার্ডেতেই চেপে মাগো যাই-আসি যে তোমার বাড়ি,
পোস্টকার্ডেতেই চেপে মাগো যাই-আসি যে তোমার বাড়ি . . . . . . . . ||
