এই শহর ছেড়ে অনেক দূরে
এই শহর ছেড়ে অনেক দূরে
এই শহর থেকে একদিন অনেক দূরে হারিয়ে যাবো,বহু দূরে।
কর্মব্যস্ত শহরের ব্যস্ত মানুষের ভীড়ে ছোট পাখি গুলো শহরের দালানের ঘুলঘুলিতে নিঃসঙ্গতার নিঃশ্বাসে হাহাকার করে,
পরাধীনতার পাষাণে বুক বাঁধে পোষা কবুতর গুলো।
এই শহর হ্যালোজেনের আলোতে আলোকিত,
রঙ্গীন আলোর ভীড়ে চেনা মানুষ গুলো বহুরূপী,
তুমিও বদলে গেছো রঙ্গীন আলোর ভীড়ে অলীক নেশাগ্রস্ত মানুষের উজ্জ্বল আলোতে।
এই শহর জুড়ে অনেক মানুষের ভীড়,
সেই ভীড়ে আমি প্রতিদিন যেন ছায়ামূর্তি হচ্ছি,
কায়াহীনের মতো নিঃশব্দে
হারিয়ে যাচ্ছি এই শহরের আলোহীন পথে।
জানি কেউ দেখতে পাবে না, শুনতে পাবে না কায়াহীনের নিশ্চুপ ক্রন্দন,
এই শহরের আকাশ জুড়ে অনেক তারার ভীড়,
জ্যোৎস্না ভরা রাতে এই শহরের কল্পনার আকাশে কায়াহীন নীলাকাশ,
জোনাকির আলোও নিভে যায় শহরের বুক থেকে।
এভাবেই আমি হারিয়ে যাবো বহুদুরে,
এই শহরের অলি গলিতে আর আমাকে খুঁজে পাবে না,
এভাবেই কায়াহীন হয়ে যাবো এই ঝলমলে শহর থেকে !!

