STORYMIRROR

Atanu Ganguly

Drama Classics Inspirational

4  

Atanu Ganguly

Drama Classics Inspirational

চরৈবেতি — থেমো না, এগিয়ে চলো

চরৈবেতি — থেমো না, এগিয়ে চলো

1 min
7

পুজোর পায়ে পায়েই বিষাদ ঘিরে থাকে ঘাপটি মেরে।

নবমীর রাত নামলেই প্যান্ডেলের কোণের নির্জনতায়,

মাইকের মৃদু আওয়াজে

দশমীর সিঁদুরখেলা আর বিসর্জনের নির্ঘণ্ট

নীরবে মনে করিয়ে দেয়—

ফুরিয়ে এল উৎসব,

আবার ফিরতে হবে চেনা সেই একঘেয়ে কাজের ভিড়ে।


শীত-শীত ঠান্ডা হাওয়ায়,

স্পটলাইটের আলো গা বেয়ে নেমে আসে বিষণ্ণতা।

আলোর উৎসবের আড়ালে স্পষ্ট হয়ে ওঠে

ফিরে যাওয়ার অনিবার্য মুহূর্ত।

তুমি ফিরবে সেই চেনা রাস্তায়,

দিন গুনবে আবার—

পরের আশ্বিনের নির্দিষ্ট তিথিতে

ফিরে আসবে এই মিলন, এই উৎসব, এই উন্মাদনা।


মানুষকে ছেড়ে আসার দুঃখ,

ফুরিয়ে যাওয়ার শূন্যতা,

ব্যর্থ জীবনের যত না-পাওয়া,

যতটুকু পাওয়া, যতটুকু জমে থাকা অভিমান—

সবকিছুর হিসেব মেলাতে মেলাতে

একসময় গটগট করে হেঁটে চলে আসতে হয়।


পিছনে তাকাতে নেই।

যা চলে গেছে, তাকে যেতে দিতে হয়।

যা ফুরিয়ে গেছে, তাকে স্মৃতির মলাটে

যত্ন করে রেখে দিতে হয়।


কারণ সব বিদায়ই শেষ হয়ে যাওয়া নয়,

কিছু বিদায় পরের পথটুকু চিনিয়ে দেয়।

কিছু শূন্যতা শিখিয়ে দেয়

নিজের ভেতরেই নতুন করে বেঁচে থাকতে।


তাই বিষাদকে সঙ্গী করেই

আবার পথে নামতে হয়।

বুকের মধ্যে কিছু স্মৃতি,

চোখের কোণে একটুখানি আর্দ্রতা,

আর আগামী দিনের জন্য একমুঠো প্রত্যাশা নিয়ে

হাঁটতে হয় নিরন্তর।


উৎসব ফুরোয়, ঋতু বদলায়,

মানুষ আসে, মানুষ চলে যায়—

তবু জীবন থেমে থাকে না।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama