অচেনা পাখি
অচেনা পাখি
কোনো এক উজ্জ্বল ম্লান আলোকের
প্রভাতকালে,
উড়ে বসে এক অচেনা পাখি
আমার পুরানো-জীর্ণ-দগ্ধ খিলানে |
বিধাতার কী অপরূপ সৃষ্টি !
যেন চন্দ্র, সূর্য মিলিত হয়েছে
তার সোনালী বর্ণের দেহতলে |
যদি, নাম না জানা অচেনা পাখি সবাক হত--
তাহলে জিজ্ঞেস করতাম একটিবার
রহস্য কি, কেন তোমার এত রূপের বাহার ?
সারাটাদিন খেলে, ঘুরে দিন কাটাল
আমার সাজানো গোছানো,
ফুল ফলে ভরা স্বপ্নের ঘরে |
দিনের শেষে সন্ধ্যাকালে আমায় শুধু কষ্টে রেখে,
উড়ে গেল সেই অচেনা পাখি দূর থেকে দূরে ||
---- সৌম্যদীপ দাস

