সুখস্পর্শ
সুখস্পর্শ
কাঁধের ওপর যেদিন তুমি রাখলে তোমার হাত,
শিহরণের শোনিত স্রোতে শরীর স্বপ্নময়,
মনের দুয়ার পূর্ণতা পেলো, পেলেম তোমার সাথ।
সুখস্পর্শে নির্জীব হৃদে ফল্গুধারা বয়।
চালচুলো নেই, হারিয়ে গেছে মাথার ওপর ছাদ,
দুয়ারে দুয়ারে ধাক্কা খেয়ে বারে বারে আসি ফিরে,
বিদ্যা বোধের শক্তি নেই যে আমায় যোগাবে ভাত।
অর্থোপায়ের পথ নেই খোলা সমাজের ভাঙা দ্বারে।
অন্ধকারে আলোকধারার স্পর্শটুকুও নাই,
মনের মাঝে বেঁচে থাকার তাগিদ হারিয়ে যায়,
তবু, তোমার দেওয়া পরশখানির নীরব সজীবতায়;
সব হারানোর মাঝেও অসীম শক্তিটুকু পাই।
বাহির হতে ক্রমাগত বিরূপ আচরণে,
হারিয়ে ফেলেছি মনের সাহস, প্রেরণা নিরসনে,
সদ্য ফোঁটা পুস্প কলির অবাক আকর্ষণে,
আশার সাথে স্বপ্ন মিশে খুশির ঠিকানা খোঁজে |

