গরম তেলেভাজা
গরম তেলেভাজা
এখন সকালের বাতাসে ঠান্ডা ঠান্ডা ভাব,
শীত শীঘ্রই হাজির হবে এ হলো তারই প্রভাব।
একটা চাদর গায়ে দিয়ে ঘুম হয় আমার বেশ,
ঠান্ডায় মশা, মাছির উৎপাত কমছে অবশেষ।
সকালে ভালোই লাগছে পরতে, জামা ফুল হাতা,
সকালের মর্মর ধ্বনি শোনাচ্ছে গাছের ঝরা পাতা।
গায়ের চামড়ায় অনুভূত হচ্ছে রুক্ষ, টান টান দশা,
তাই ত্বক বাঁচাতে বডি লোশন বা ভেসলিন ভরসা।
গাছপালা স্নান করছে বিন্দু বিন্দু শিশির কণায়
বেলা হলে নরম রোদ নিতে এবার তো মন চায়।
সকালে হাঁটার আগে,চাই গরম চায়ের উদ্দীপনা,
বিকেলবেলা গরম তেলেভাজা ,কফি আনছে শরীরে উত্তেজনা।
সকালে তাড়াতাড়ি উঠতে করছে না মন।
বিছানাটা হচ্ছে সবার চেয়ে আপন,
সাথে কম্বল আর পাশ বালিস
আর একটু বেশী ঘুমুতে আমায় দিস।
বিকালটা যেন ছুটছে মেইল ট্রেনের মত তাড়াতাড়ি,
পাঁচটা বাজলেই রবি যাচ্ছে চলে গুটিয়ে পাততাড়ি,
শীতের সরঞ্জাম তৈরি হচ্ছে রাস্তার পাশে,
ধুনুড়ির জমা তুলো কাটার শব্দ কানে ভাসে,
এই তো শুরু হলো এবার শীতের যাত্রাপথ,
সাথে বিকেলের তেলেভাজার বিজয় রথ।
