শাণ্ডিল্য মশাইয়ের দেহটি সহজে পুড়ল না
শাণ্ডিল্য মশাইয়ের দেহটি সহজে পুড়ল না
শাণ্ডিল্য মশাইয়ের দেহটি সহজে পুড়ল না
→ ইন্দ্রনীল মজুমদার
অমলেশবাবু সকালে সবে খবরের কাগজটা পড়তে শুরু করেছেন। এমন সময় হাজির হলেন তাঁর পাড়ার বন্ধু মানিকলালবাবু। বাইরে হঠাৎ প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে। মানিকলালবাবু তাঁর ছাতাটির ব্যবস্থা করে অর্থাৎ বাইরের বিশাল ডাইনিং হলের এক কোণে ফ্যানের নীচে ছাতাটি ও ভর্তি বাজারের ব্যাগটি রেখে অমলেশবাবুর পাশের সোফায় এসে বসলেন। অমলেশ বাবু মানিকলালবাবুকে পেয়ে বড়োই খুশি হলেন।
অমলেশ : তা আপনার কথাই ভাবছিলাম মশাই। এই বৃষ্টিতে আপনার সাথে দু'দণ্ড কথা বলতে পারলে বেশ ভালোই লাগবে। তা, ভালোই হল আপনি এলেন।
মানিকলাল : তা মশাই, কি আর করব! বাজার থেকে বাড়ি ফিরছিলাম, এমন সময় এলো মুষলধারে বৃষ্টি। আর এ অবস্থায় ছাতা বৃষ্টির বেগ মানছে না। বাড়ি যেতে যেতে পুরো ভিজেই যাব। বাজারের কাছে আপনার বাড়ি পেয়ে, আপনার কাছেই চলে এলাম গল্প শুনতে। ভৌতিক গল্পের স্টক তো আপনারও কম নয়।
অমলেশবাবু বেশ খুশি হয়ে হাসলেন। তারপর বললেন, “ভালোই করেছেন। এই বৃষ্টিতে পুরো ভিজে যাবেন। বৃষ্টি না থামা পর্যন্ত গল্প করা বা আড্ডা মারা যাবে। আগে আপনার সুন্দরবনের সেই ব্রাহ্মণ মশাইয়ের বিদেহী আত্মার বা ব্রহ্মদৈত্যের দ্বারা আপনার রক্ষা পাওয়ার ঘটনাটা আমার মনে বেশ রেখাপাত করেছিল। আজ আমার জানা একটি ভৌতিক ঘটনা আপনাকে শোনাবো। তার আগে, আমার কাজের মেয়েটিকে বলি চা ও চানাচুর দিতে। খেতে খেতে গল্পটা জমে যাবে। কি বলেন মশাই?”
মানিকলালবাবু হেসে বললেন, “তা যা বলেছেন মশাই।”
অমলেশবাবু ফিরে আসার সোফায় বসলেন।
চা ও চানাচুর নিয়ে এলেন অমলেশবাবুদের বাড়ির কাজের মেয়েটি। দুজনে চা পান ও চানাচুর খাওয়া শুরু করলেন। খেতে খেতেই অমলেশবাবু আরম্ভ করলেন তাঁর গল্প–“ঘটনাটা ১৯৩০-এর দশকের। পূর্ব বাংলার বা এখনকার বাংলাদেশের চট্টগ্রামের। ঘটনাটা শুনেছিলাম আমার ঠাকুমার কাছে। আপনি তো জানেন যে আমাদের আদি দেশ ছিল চট্টগ্রামে। তো, সেই চট্টগ্রামের পুরোহিত ছিলেন শাণ্ডিল্য মশাই। তিনি বাড়ি গিয়ে গিয়ে পুজো করতেন। তা, একবার কোনো এক বাড়িতে পুজো করে ফেরার পর তাঁর সাথে ঘটে এক ভৌতিক ঘটনা। তাঁর হাতে ছিল পুজোয় পাঁঠাবলী হওয়া পাঁঠার মাথা। তাঁর ইচ্ছে ছিল বাড়ি পৌঁছে পাঁঠার মাথাটা ধুয়ে ভালোভাবে রান্না করে খাবেন। তা বাড়ির দিকে যাচ্ছেন। সময়টা ঠিক মনে নেই। খুব সম্ভবত দুপুর বেলা। যাইহোক, তাঁর এক হাতে ছিল একটি লাঠি। তা, তিনি গ্রামের নির্জন পথ ধরে বাড়ি ফিরছেন এমন সময় তিনি শুনলেন যে কে যেন তাঁর কানে এসে নাকি সুরে বলছে– “পাঁঠার মাথাটা দিয়ে যা।” শাণ্ডিল্য মশাই অবাক হয়ে চারিদিকে তাকালেন। কিন্তু, কোত্থাও কেউ নেই! তিনি ব্যাপারটাতে গা না করে এগিয়ে চললেন। কিছুদূর যাওয়ার পর পুনরায় একই ঘটনা ঘটল। তাঁকে কেউ যেন বলছে তাঁর হাতের পাঁঠা বা বলা ভালো পাঁঠার মুন্ডুটা দিতে। বেশ কয়েকবার চাইবার পর তিনি অনুভব করলেন যে তাঁর হাতে থাকা পাঁঠার মুন্ডুটা ধরে কেউ টান দিচ্ছে বা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। অকুতোভয় শাণ্ডিল্য মশাই এবার রেগে গিয়ে অদৃশ্য সেই অশরীরী বা নেগেটিভ শক্তি বা এনটিটির উদ্দেশ্যে বললেন, “তুই এই পাঁঠার মুণ্ডু পাবি না। এই লাঠি দেখছিস, এর নাম মদনমোহন। এমন ঘা দেব না।” এই বলে মাটিতেই এক লাঠির ঘা দিলেন। এবার শাণ্ডিল্য মশাই তাঁর কানে শুনলেন যে সেই অশুভ প্রেতাত্মা বলছে যে, “পাঁঠার মুণ্ডুটা দিলি না। উল্টে লাঠির ঘা মারলি। তোর ভালো হবে না।” শাণ্ডিল্য মশাই এইসব গা না করে বাড়িতে এলেন আর বাড়ির লোকজনকে রাস্তায় তাঁর অদ্ভূতুড়ে অভিজ্ঞতা জানালেন। বাড়ির লোকেরা তাঁকে সেই পাঁঠার মাথা খেতে নিষেধ করলেন। তবুও শাণ্ডিল্য মশাই নাছোড় হয়ে রইলেন। বাড়ির লোক কেউ খেতে না চাইলেও তিনি সেই পাঁঠা রান্না করে খাবেনই। তিনি যখন এইরকম জেদ নিয়ে পাঁঠার মাথা বটিতে কাটতে বসলেন তখনই তাঁর ধূম জ্বর আসে। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেই পাঁঠার মাথার ঝোল তাঁর খাওয়া হয়েছিল কি না তা জানা নেই। তবে, সেদিন সন্ধ্যা কি রাতে তিনি মারা যান। তাঁর দেহ দাহ করতে শ্মশানে আনা হয়েছিল। কিন্তু, সেখানেও এক বিপত্তি বটে। তাঁর দেহটি কিছুতেই পুড়ছিল না। অনেক কাঠ এমনকি আম গাছের প্রচুর কাঠ এনে অবশেষে বহু কষ্টে তাঁর দেহখানি পোড়ানো হয়েছিল।
এই ঘটনাটা চট্টগ্রামের লোক মুখে এককালে খুব প্রচারিত ছিল। জানি না, এখন অবশ্য সেখানকার লোকেদের শাণ্ডিল্য মশাইয়ের ঘটনাটা মনে আছে কি না। বারো কি তেরো বছর আগে একটি বাংলা নামী পত্রিকার ভৌতিক সংখ্যায় ঘটনাটা পড়েছিলাম। তখনই ছোটবেলার শোনা এই অলৌকিক ঘটনাটার কথা আবার মনে পড়ে যায়। আজ আপনাকে পেয়ে শাণ্ডিল্য মশাইয়ের সাথে ঘটা ভৌতিক ঘটনা ও তাঁর মৃতদেহ সহজে না পোড়ার অলৌকিক ঘটনাটা শেয়ার করলাম। কেমন লাগলো?”
মানিকলালবাবু চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললেন, “অবিশ্বাস্য অলৌকিক ঘটনা বটে! শুনে বেশ শিহরিত ও বিস্মিত হলাম। দেখুন মশাই, আবার বাড়িতে খাবার নিয়ে যাওয়ার সময় কোনও অশরীরীর পাল্লায় আমাদের না পড়তে হয়!”
অমলেশবাবু একটু হেসেই বললেন, “তা যা বলেছেন, মশাই।”

