চিঠি ও টাকা
চিঠি ও টাকা
চিঠি ও টাকা
→ ইন্দ্রনীল মজুমদার
কুমুদবাবুর শরীরটা ঠিক নেই। বেশ কিছুদিন হল তাঁর বাতের ব্যথাটা বেশ বেড়েছে। এখন অবশ্য বাতের ব্যথাটা কমলেও, মাঝে মাঝে প্রেশারটা কমে যাচ্ছে, আবার নার্ভের সমস্যাও দেখা দিচ্ছে। কুমুদবাবু ডাক্তার দেখিয়েছেন এবং ডাক্তারের পরামর্শমতো ওষুধও খাচ্ছেন। তিনি তাঁর রোগগুলোকে বয়সের উপসর্গ হিসেবেই ভাবছেন। সত্তরোর্ধ মানুষ তিনি। তা, তিনি আজ আর কোথাও না বেড়িয়ে বাড়িতে বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছিলেন। আজ আবার কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। তাঁর বৌ ও ছেলে পাশের ফ্ল্যাটে গেছেন পুজো উপলক্ষ্যে। তিনি আর যাননি। ওষুধ খেয়ে, ঘরের আলো নিভিয়ে, বইটা পাশে রেখে অঘোরে ঘুমের জগতে তলিয়ে গেলেন তিনি। কতক্ষণ জানা নেই, তাঁর হঠাৎ ঘুমটা ভেঙে গেল মোবাইলের আওয়াজে। পাশে ফোনটা বাজছে। এই সময় কে ফোন করল? তিনি বেশ কৌতূহলী হলেন। মাথার পাশে রাখা চশমাটা চোখে পড়লেন ও ফোনটা রিসিভ করে বেশ ক্লান্তভাবেই জড়ানো গলায় বলে উঠলেন, "কে?"
ওপার থেকে হালকা স্বরে ভেসে এলো, "কুমুদদা বলছেন?"
কুমুদবাবুর আরও কৌতূহল বাড়লো। তিনি বলে উঠলেন, "হ্যাঁ বলছি। আপনি কে?"
— আমি স্বপন সেন ওরফে ঝাংকুদা বলছি।
— স্বপন সেন ওরফে ঝাংকুদা? ঠিক চিনতে পারলাম না তো।
— হ্যাঁ। বছর দুয়েক আগে পুজোর পর আমাদের নাটকের দলের তরফ থেকে আয়োজিত বিজয়া সম্মেলনীতে এসেছিলেন। ক্যানিং-এ অনুষ্ঠানটি হয়েছিল নাট্যদলের মহড়া রুমে। তার আগে আপনাদের দক্ষিণ কলকাতার মুক্তাঙ্গনে আমাদের দলের আয়োজিত এক নাটকের শোতে আপনি সবান্ধব এসেছিলেন। আমরা নাট্য শো-এর পাশাপাশি একটা পত্রিকাও প্রকাশ করে থাকি। সমাজ ও নাটকের ওপর পত্রিকা– কলানাট্যম। তাতে আপনি একবার নাটকের থেকে শিক্ষা নিয়ে এক গবেষণালব্ধ প্রবন্ধও দিয়েছিলেন যা প্রকাশিত হয়ে খুব প্রশংসালাভ করেছিল।
— হ্যাঁ, হ্যাঁ মনে পড়েছে। আপনি যেমনভাবে ব্যাখ্যা দিয়ে বললেন তাতে সবকিছুই মনে পড়ে গেল। হ্যাঁ, ঝাংকুবাবু বলুন। তা কেমন আছেন? শুভ বিজয়া।
— শুভ বিজয়া। আমি এই আছি। তবে বয়সের ভারে ভালো নেই। আর এদিকে সমাজ ও রাজনীতির দমবন্ধ করা পরিবেশ। বিপ্লব চলছে বটে তবে আরও বৃহত্তর বিপ্লব দরকার। মানুষ আজ বড় দ্বিধা ও দ্বন্দ্বে রয়েছে। কিছু স্বার্থান্বেষী, চরিত্রহীন, ন্যায়-নীতিহীন মানুষ লুট করে চলেছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের। পুঁজিপতিরা ফুলে ফেঁপে উঠেছে আর শ্রমজীবী মানুষেরা দিশেহারা হয়ে মরছে। তবে, আমি আশাবাদী এই যে-কোনোদিন এই সর্বহারা মানুষদের পথ দেখাবে— বিপ্লব ও গণ আন্দোলন। (বেশ কিছু থেমে) যাইহোক, এবার আপনার কথা বলুন।
মুগ্ধ হয়ে এতক্ষণ কথাগুলো শুনছিলেন কুমুদবাবু। আসলে, বিপ্লবের টান বড়োই আন্তরিক। বেশ চিন্তার উদ্রেক হয়েছিল কথাগুলোর টানে। তারপর সেই ঘোর কেটে গিয়ে তিনি বললেন, "ঠিক বলেছেন ঝাংকুদা। একদমই সঠিক কথা বলেছেন। আমার অবস্থাও ভালো নয়। বয়সজনিত কারণে নানান সমস্যায় রয়েছি। তবে, কি জানেন আমি বড়োই আশাবাদী নতুন প্রজন্মের ওপর। ওরাই এ দেশের সমাজে প্রকৃত বিপ্লব আনবে। আর আনছেও।
— ঠিক বলেছেন। আচ্ছা, এবার বলে নিই যে জন্য আপনাকে ফোন করেছি। শুনুন, আমার অনেক দিনের ইচ্ছে যে আপনাদের 'উত্তরণ' সেবামূলক সংস্থার জন্যে কিছু টাকা দিই। কিন্তু বেশ কিছু কারণের জন্য বিশেষ করে শারীরিক অসুস্থতার জন্য তা আর দেওয়া হয়ে ওঠেনি। আমি জানি যে, আপনাদের এই সংস্থা গ্রামের দুঃস্থ ও গরীব মানুষদের বিশেষ সাহায্য প্রদান করে থাকে। বিশেষ করে বন্যা ও দুর্যোগ কবলিত এলাকায় আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। আপনাদের এই সমাজসেবা কার্যে আমিও অংশীদার হতে চাই। বেশ কিছুদিন অসুস্থ ছিলাম তাই দেওয়া হয়নি। এইবার দিতে পারলে বেশ ভালো লাগবে। অনেকটা স্বস্তি ও শান্তি পাবো।
— তা বেশ তো। খুব খুশি হলাম। আপনার সহায়তা লাভ করলে আমাদের খুবই ভালো লাগবে। খুবই উপকৃত হই তাহলে।
— বেশ বেশ। পরশু আপনি থাকছেন? আপনার বাড়ি গিয়ে তাহলে টাকাটা দিয়ে আসব।
— হ্যাঁ, থাকছি। আপনি এলে খুব ভালো লাগবে। অনেকদিন পর দেখা ও কথা হবে। আর আপনার সাহায্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাকে।
— দেখা? তা হয়তো হলেও হবে।
— নিশ্চয়ই হবে ঝাংকুদা। আপনি যখন আসছেন...
— বেশ আর কথা বাড়ালাম না। তাহলে সেই কথাই রইলো।
এই বলে অপরপক্ষের ফোনটা শেষ হল। কুমুদবাবু তাঁদের সংস্থার জন্য বেশ আশার আলো দেখে খুব খুশি হলেন মনে মনে। তারপর নিশ্চিন্তে আবার শুয়ে পড়লেন।
দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত 'পরশু' দিনটি হাজির হল। কুমুদবাবু সকাল থেকেই অধীর আগ্রহে ছিলেন কখন ঝাংকুবাবুর সাথে দেখা হবে এই আশায়। কুমুদবাবুর হঠাৎ বিদ্যুৎবেগে মনে হল, "এই রে! ঝাংকুদা কখন আসবেন তা তো জানাননি! ঠিক আছে সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করি তারপর না হয় ফোন করব।" এই ভেবে সন্ধ্যা পর্যন্ত তিনি অপেক্ষা করতে লাগলেন। নিজে মাঝে নানান ব্যস্ততায় তিনি খেয়াল করেনি যে কখন রাত্রি আটটা বেজে গিয়েছে! অগত্যা তিনি ঝংকুবাবুকে ফোন করলেন। কিন্তু, ও হরি! ফোন যে সুইচড অফ্ করা আছে! বেশ কয়েক মিনিট অন্তর অন্তর ফোন করেও একই অবস্থা। তিনি আর কিই বা করবেন। নিরুপায় হয়ে অপেক্ষা করতে লাগলেন। দেখতে দেখতে রাত দশটা বাজলো। কুমুদবাবু অনেকক্ষণ আগেই ঝাংকুবাবুর আসার ব্যাপারটা ছেড়ে দিয়েছিলেন। তবে, তিনি কেন এলেন না সেজন্যে আবার ঝাংকুবাবুকে ফোন করতে গিয়ে দেখা গেল যে ফোন সেই সুইচড অফই হয়ে রয়েছে। কোনো কারনে বিশেষ করে অসুস্থতার জন্য হয়তো ঝাংকুবাবু আসতে পারেননি— এই ভেবে কুমুদবাবু ঘুমিয়ে পড়লেন।
তখন মধ্যরাত– আড়াইটে কি তিনটে হবে। কুমুদবাবুর অঘোরে ঘুমোচ্ছিলেন। তবুও তাঁর হঠাৎ করে মনে হল তিনি যেন কলিংবেলের আওয়াজ শুনলেন। উঠে গিয়ে দরজা খুলতে হবে কিন্তু তার শরীর সায় দিল না। বাড়ির অন্যান্য সদস্যরাও গভীর ঘুমে আচ্ছন্ন। এটা কি নিছক তাঁর মনের ভুল কেননা এত রাতে কে কার বাড়িতে আসবে? আর তাছাড়া বিল্ডিংয়ের নীচের মেইন গেট তো বন্ধ। যাইহোক, ভোরবেলায় তাঁর যখন ঘুম ভাঙল তিনি তাঁর ফ্ল্যাটের সদর দরজা খুলতেই বেশ অবাক হয়ে গেলেন। কে যেন গ্রীলের মাঝে একটি খাম গুঁজে দিয়ে চলে গেছে। তাজ্জব ব্যাপার! তা, কুমুদবাবু খামটি বার করে তা খুলে আরও অবাক হয়ে গেলেন। তাতে রয়েছে পাঁচ হাজার টাকা! কৌতূহলী কুমুদবাবু খামের ওপর দেখলেন তাঁর নাম ও ঠিকানা এবং উত্তরণের জন্য লেখা আছে প্রেরকের জায়গায় আর নীচে লেখা আছে ঝাংকুবাবুর নাম ও ঠিকানা। অর্থাৎ, তাঁকে উদ্দেশ্য করেই ঝাংকুবাবু টাকাটা পাঠিয়ে দিয়েছেন। কুমুদবাবু মনে মনে অবাকের পাশাপাশি বেশ বিস্ময়ই হলেন। তিনি ভাবলেন যে, "টাকাটা পাঠিয়ে বেশ ভালোই করেছেন ঝংকুদা। তবে এ কীরকম রসিকতা করলেন তিনি?" কুমুদবাবু খালি অবাক চিত্তে ভাবছিলেন যে ঝাংকুবাবু কখন এসে টাকাটা দিয়ে গেলেন? অথচ তিনি বিন্দুমাত্র টের পেলেন না! আর এইসব জানতেই তিনি স্থির করলেন যে একবার ঝাংকুবাবুর বাড়ি যাবেন।
আজ কুমুদবাবুর শরীরটা বেশ ভালোই লাগছে। তবে ঝাংকুবাবুর ব্যাপারটা নিয়ে তিনি বেশ কৌতুহলী। তা বিকেলের দিকে তিনি ট্রেন ধরে রওনা দিলেন সোনারপুরে ঝাংকুবাবুর বাড়ির উদ্দেশ্যে।
বাড়ি খুঁজে বেশি বেগ পেতে হল না। খুব সহজে তিনি পৌঁছে গেলেন সেখানে। কলিংবেলে চাপ দিতেই দরজা খুললেন একজন তরুণী— খুব সম্ভবত ঝাংকুবাবুর মেয়ে। কুমুদবাবু নমস্কার করে বললেন, "আমি কুমুদরঞ্জন দাস। গড়িয়া স্টেশনের কাছে থাকি। স্বপন সেন ওরফে ঝাংকুদা আমার বিশেষ পরিচিতি।"
— আচ্ছা, নমস্কার। ভেতরে আসুন।
কুমুদবাবু কিন্তু ঘরে ঢুকতেই রীতিমতো চমকে উঠলেন। এ কি! এ যে ঝাংকুবাবুর ছবি! তাতে আবার মালা দেওয়া। কুমুদবাবুর মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হল। তিনি ধপ্ করে পাশে সোফাটিতে বসে পড়লেন। তাঁর রীতিমতো মাথা ঘুরতে আরম্ভ করল। সব যেন গুলিয়ে গেল বেশ কিছুক্ষণ পর, নিজেকে সামলিয়ে তিনি ওই তরুণীকে জিজ্ঞেস করলেন, "ঝাংকুদার কি হয়েছিল?
তরুণীটির মুখ ভার। তিনি বললেন, "বাবার শরীর ভালো ছিল না। বছর খানেক আগে ক্যান্সার ধরা পড়েছিল। কিন্তু লাস্ট স্টেজে ধরা পড়লো বলে চিকিৎসা করেও কোনো লাভ হয়নি। বেশ ভুগেই ক্যান্সারেই মারা গেলেন।"
— কবে?
— এই তো মাস ছয়েক আগে।
— এ হেঃ! বড়োই ভালো মনের মানুষ ছিলেন...
কিন্তু ঝাংকুবাবুর মৃত্যুসংবাদের পাশাপাশি তিনি বেশ আশ্চর্য হয়ে গেলেন এটা ভেবে যে গত পরশু কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে তাঁকে ফোন করেছিল কে? আর তাঁর ও তাঁদের সংস্থার নামে টাকা পাঠালো কে? ঝাংকুবাবু তো মারা গেছেন। তাহলে কি...
— আপনি কি লিকার চা খাবেন না দুধ চা?
কুমুদবাবু রীতিমতো ঘোরে আচ্ছন্ন ছিলেন। ঝাংকুবাবুর মেয়ের প্রশ্নে তিনি সম্বিত ফিরে পেলেন। তিনি তাড়াহুড়ো করে উঠে যেতে চাইছিলেন। তাঁর খুব অস্বস্তি হচ্ছিল আর কিসের একটা চিন্তা ও ভয়ে এবং বিস্ময় তাঁর কাঁপুনি ধরছিল। আর তাই তিনি বললেন, "না, না মা। আজ থাক। ঝাংকুদা কি তবে?"
তরুণীটি কৌতূহলী হয়ে বললেন, "হ্যাঁ বলুন।"
কুমুদবাবু বিষয়টি চেপে গেলেন। শুধুমাত্র বললেন, "না, না। ও কিছু নয় গো, ও কিছু নয়। আমি আসি। সাবধানে থেকো।" এইটুকুই বলে কুমুদবাবু সেখানে আর বিন্দুমাত্র না থেকে হন্তদন্ত হয়ে বেড়িয়ে এসে কোনও ক্রমে বাড়ি ফিরলেন।
বাড়ির টেবিলে বসে তিনি কেবল ভাবতে লাগলেন যে গতকাল মধ্যরাতে তিনি যে কলিংবেলের আওয়াজ শুনেছিলেন তা হয়তো স্বপ্ন। কিন্তু তা হলেও সেটা ছিল ঝাংকুবাবুরই কাজ। তিনি মৃত্যুর পর কীভাবে মধ্যরাতে এসে কলিংবেল বাজিয়ে উত্তরণ সেবাসংস্থার জন্য টাকা দিয়ে গেলেন? আর তার আগে লক্ষ্মীপুজার দিন তিনি ফোন করলেনই বা কীভাবে?
আসলে, এ জগতের অনেক প্রশ্নেরই উত্তর হয় না।
তাই, আপাতত চিঠি ও টাকাতেই এই রহস্যময় ব্যাপারটি সীমাবদ্ধ থাকুক।

