ভোরের সূর্য্য পর্ব চল্লিশ
ভোরের সূর্য্য পর্ব চল্লিশ
মিসেস সঞ্জনা কুমার ডাক্তার বাবুকে বললেন - এই সেই ব্যক্তি যার একটি সুযোগ্য পুত্রসন্তান আছে।
ইন্ট্রোডিউস করিয়ে মিঃ পাণ্ডেকে বললেন - আপনার ছেলের নাম কি ?
- নাগেশ্বর পাণ্ডে । গুরগাঁও হরিয়ানায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চপদে কর্যরত । বিজনেস ম্যানেজমেন্ট পড়েছে আই আই এম বেঙ্গালুরুতে।
- এবার ডক্টর সাব আপনি এবার কিছু বলুন।
মিসেস কুমার ঘটকালিও করেন ভালোই ।
ডাক্তার বাবু চিন্তা করছিলেন একজন হ্যাণ্ডসাম ইয়ং ম্যান নাগেশ্বর পাণ্ডের কথা ।
যেদিন পাণ্ডেজীর বাড়িতে কেস নিয়ে আপিল করতে গেছলেন ; দেখেছিলেন ছেলেটিকে । নম্র ভদ্র, এখন তো শিক্ষা ও কর্মজীবন সম্বন্ধেও অবহিত হলেন ।
কি বলবেন ভেবে পাচ্ছিলেন না । তবু বললেন - আমরা তো ক্রিশ্চান । অবশ্য আমার স্ত্রী বেঙ্গলি হিন্দু । আমাদের কিন্তু দেখে শুনেই বিয়ে হয়েছিল ।কোন লাভ এফেয়ার্স ছিল না ।
পাণ্ডেজী বললেন - আমদের ও সব ধর্ম নিয়ে কুসংস্কার নেই । আপনার যদি সম্মতি থাকে তো এগোতে পারি ।
ডাক্তার বাবু বললেন - তবুও আমার স্ত্রীকে না জানিয়ে কোন সিদ্ধান্ত নিতে পারি না । আমি ওঁকে প্রাথমিক কথাটা জানিয়ে ওর মতামত নিয়ে নিই।
পাণ্ডেজী বললেন - অবশ্যই । আমি কিন্তু বাড়িতে সকলকে বলে , সবার অনুমতি নিয়ে এখানে এসেছি ।
জেলার সাহেব মাঝখানে বাধা দিয়ে বললেন - ও বুঝেছি। নোটিশের প্রাপ্তি স্বীকার পরীক্ষা করতে নয় ; নিজের ধান্দায় এসেছেন মিঃ পাণ্ডে । কিন্তু এ ভাবে তো চলবে না । আপনাকে কথা দিতে হবে শশাঙ্কর মুক্তিদান অনুষ্ঠানে আপনারা সপরিবারে আত্মীয়স্বজন সহযোগে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে ।
পাণ্ডেজী কৃতজ্ঞতায় গদগদ হয়ে বললেন - কি যে বলেন স্যার ! এ আর এমন কি কাজ ! বলেন তো আজই ওদের সকলকে আনিয়ে নিচ্ছি ।
ততক্ষণে ডাক্তার বাবুর সঙ্গে ওঁর স্ত্রী তানিয়ার অথা হয়ে গেছে । ডাক্তার বাবু জানিয়ে দিলেন ওঁর সম্মতি আছে।
হয়ে গেল বিয়ের পাকা কথা ।
এবার মিসেস সঞ্জনা কুমার বললেন - বিয়ের মত একটি ঘটনাকে চিরস্মরণীয় করে রাখতে উকিল বাবু এবং ডক্টরসাব আপ দোনোকা ফ্যামিলি মেম্বার্সকো বতাইয়ে কি শাদি এহি পর মতলব জেল চত্বর মে হোগা ।
একটা চাপা গুঞ্জন উঠল । জেলার সাহেব মিসেসের কথার অর্থ বুঝতে পেরে ডাক্তার বাবু এবং পাণ্ডে সাহেবকে একান্তে ডেকে নিয়ে গেলেন । উভয়কে আয়োজনের বিষয়ে এবং অনুষ্ঠানের বিষয়ে অবহিত করে বললেন - যদিও এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবু অনুরোধ করব যদি সম্ভব হয় তবে এই বিয়েটা এখানেই হোক।
ওঁরা তখন যে যার বাড়িতে আলোচনা করতে গেলেন।
বিপাশা ও জ্যাকলিন কেউই এ সম্পর্কে বিন্দুবিসর্গও জানতে পারল না ।
মধ্যাহ্ন ভোজনের আয়োজন জেলার সাহেবের বাস ভবনে সম্পন্ন হল ।
হক সাহেব বললেন - এবার কিছুক্ষণের জন্য আমাকে ছুটি দিতে হবে । একবার থানা থেকে ঘুরে আসি ।
জেলার সাহেব বললেন - আপনি গেলে চলবে কি করে ? এই মহা আয়োজনের দেখভাল কন করেগা ?
হক সাহেব হাসতে হাসতে বললেন - ঠিক আছে । তাহলে চলুন সবই মিলে কর্মযজ্ঞ দেখে আসি ।
পাণ্ডেজী বললেন - আমাকে ফিরে যেতেই হবে । আগামীকাল সবাইকে সাথে নিয়ে আসতে হবে তো !
ডাক্তার বাবুও একই কথা বললেন । স্ত্রীকে আনতে আমি কলকাতায় ফিরে যাই । আগামীকাল সন্ধ্যে নাগাদ ফিরে আসব ।
মিসেস কুমার আনন্দে হাততালি দিয়ে বললেন - তার মানে আপনাদের বাড়ির লোকেরা এখানে বিয়ে দিতে রাজী হয়েছেন !
জেলার সাহেব অভিনন্দন জানিয়ে বললেন - জীবনে কত অসাধারণ ঘটনার সাক্ষী হতে হয় ভাবুন । জেলের ভেতর বিয়ে -- আমাকে তো কারা দপ্তরের অনুমতি নিতে হবে । মিঃ হক এদিকটা সামলান। আমি দেখি অনুমতি আদায় করতে পারি কি না ।
মিসেস কুমার বললেন - ফর্ম্যালিটি আর কি ! যাতে কেউ কোন উচ্চবাচ্য করতে না পারে । ওকে মিঃ পাণ্ডে এবং ডক্টরসাব আপ দোনো আইয়ে । লড়কিলোগ মেরে পাস থেকে যাক । কোন অসুবিধা হবে না ।
জ্যাকলিন একটু হতচকিত হয়ে পড়ল । বিদেশ বিভুঁইয়ে অল্প পরিচিত ফ্যামিলিতে মানিয়ে নিতে তার একটু অসুবিধা হবারই কথা । তথাপি বিপাশাকে দেখে শান্ত হল । ও তো তার বোনের মতই ।
বিপাশাকে বলল - কি ব্যাপার বল তো ! এঁরা এমন অস্বাভাবিক আচরণ করছেন কেন ?
বিপাশা বলল - বিয়ে বাড়ির আয়োজন হচ্ছে।
- বিয়ে ? কার ?
- কেন তোমার ।
- আ-আ-আমার ? কার সাথে ?
- ও: ন্যাকা আর কি ! উকিল বাবুর ছেলের সাথে । দেখলে না ওঁরা বাড়ি ফিরে গেলেন পরিবার আনতে !
ভীষণ লজ্জা পেল জ্যাকলিন । একটা অজানা আশঙ্কায় শিহরিত হল । বাবা মার বিনয়ী সন্তান যেন অকূল পাথারে পড়ে গেল । নাগেশ্বরকে সেও দেখেছে। ভালো লেগেছিল ঠিকই তা' বলে সরাসরি বিয়ে ! ভাবতে পারছেনা জ্যাকলিন। ভাবতে পারছে না জেল চত্বরেই কেন এই বিয়ের আয়োজন হচ্ছে।
( চলবে )

