পূজোর স্মৃতি
পূজোর স্মৃতি
এবার থেকে গল্প হোক লেখা -
সাঁঝের বাতি নিভলে মধ্য রাতে,
পথের পরে পথেই হলে দেখা -
চলে এস একলা আমার সাথে ।
ফি বছরই আসবে পূজো ঘুরে -
হয়ত তখন থাকব নাকো আর,
চলে যাব আলোক বর্ষ দূরে -
রেখে যাব একটু স্মৃতির ভার ।
সেইতো হবে সবার পূজোর স্মৃতি -
সেইতো রবে কাঁধে বোঝার রাশ ,
সেইতো যবে সুখ দুঃখের প্রীতি -
নতুন জুতোয় ছেঁড়া ফিতের বাস ।
উপোস করে পূজে যারা মাকে -
স্বার্থ নিয়ে বসে ঘটা করে ,
আমরা কেউ দেখি নাকি তাকে -
মা বন্দী আমারই ঠাকুর ঘরে !
আলোক সাজের ধন্দ লাগে চোখে -
পূজোর গন্ধে মন যে মাতোয়ারা,
সন্ধ্যারতির ঘন্টা বাদ্য ও শাঁখে -
কানের পোকা মারছে বোমায় যারা ।
তাদের কথা কেই বা রাখে মনে -
যাদের ব্যথা লঙ্কা ভাগের মাঝে,
ক্ষীর খিঁচুড়ি অন্ন ভোগের ক্ষণে -
খুশী হয়ে নেচে বেড়াই কাজে ।
এইযে পূজো শিব শক্তির খেলা -
বোমার ঘায়ে জীর্ণ হচ্ছে ধরা ,
আনন্দে ভুগি নিত্য দুই বেলা -
হয়তো স্মৃতি নারাজ দিতে ধরা ।
মন খারাপের কথা কলি ফোটে -
কথার তোড়ে অলি পালায় ভয়ে ,
তারি মাঝে পূজোর স্মৃতি ছোটে -
( বা ) নরের হাতে নারীর পরাজয়ে ।
