কাঠগোলাপ মাহিন মুর্তাজা
কাঠগোলাপ মাহিন মুর্তাজা
তোমার কৃষ্ণ কেশরে যেদিন কাঠগোলাপ গুঁজে দিয়েছিলাম,
সেদিন একগাল হাসি নিয়ে বলেছিলে _
আমার মতোই কি কাঠগোলাপ তোমার বড্ড প্রিয়?
আমি চুপটি করে তোমার দিকে তাকিয়ে ছিলাম কোনো প্রতিত্তোর না করে !
কতো কতো অব্যক্ত কথা, ছোট ছোট ঘটনার কথাই না সেদিন বলেছিলে একটি কাঠগোলাপ নিয়ে।
আমি একদম মনোযোগী শ্রোতার মতো শ্রবণ করছিলাম।
সেদিন থেকেই কাঠগোলাপ আমার বড্ড প্রিয়।
প্রথম দেখেছিলাম এক বিকেলের আগুনরঙা আলোয়
চুলে গুঁজেছিলে একটি কাঠগোলাপ,চোখে কাজল, রেশমি চুড়ি আর পায়ে রঙিন আলতা।
তখন আমি আন্দাজ করেছিলাম ডুবন্ত সূর্যের সাথে সাথেই কাঠগোলাপের গন্ধ ছড়ানোর কারণ !
হঠাৎ আমি শব্দ খুঁজতে শুরু করলাম তোমার কল্পনার মৌনতায়।
কল্পনা কাটিয়ে যখন তোমাকে ভালোবাসি বলে চেঁচিয়ে উঠবো
ঠিক তখনই তোমার অদৃশ্য উপস্থিতি বুঝতে পারলাম ।
কালের পরিক্রমায় আমাদের মাঝে এখন কাঁচের দেয়াল।
ক্ষত হওয়ার আশংকায় যা আজও দৃঢ় !
জানো কি ?
আজও আমি কাঠগোলাপ ছুঁই না,
ভয় হয়... যদি ভুল করে তোমার গন্ধ জেগে ওঠে,
ভয় হয়... যদি সেই বিকেলটা আবার ফিরে আসে—
যেখানে আমি ছিলাম পূর্ণ, আর তুমি ছিলে চির-অপ্রাপ্য।

