STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Horror

4  

Partha Pratim Guha Neogy

Horror

অমাবস্যার খদ্দের

অমাবস্যার খদ্দের

1 min
2

বাঁশবাগানের বাঁক পেরিয়ে
পুকুরপাড়ের কোণে,
ভূতের দোকান খুলল হঠাৎ—
খবর রটল বনে।

সাইনবোর্ডে লেখা আছে,
“ভয় বিক্রি হয় সস্তায়;
হাসি দিলে ছাড় পাবেন,
কান্না নেব না দস্তায়।”

বোতলভরা কুয়াশা আছে,
কৌটোভরা রাত;
একটি টিনে জমিয়ে রাখা
শীতের চাঁদের ভাত।

বিক্রি করে হারানো চাবি,
না-পাঠানো চিঠি;
চোখের কোণে আটকে থাকা
একটুখানি মিঠে স্মৃতি।

দোকানদারের মাথায় টুপি,
গলায় ছেঁড়া শাল;
খাতায় লেখে উল্টো অক্ষর,
যোগে বেজায় গোলমাল।

বললুম, “কাকা, সাহস আছে?
একটু কিনতে চাই।”
ভূতটি হেসে বলল, “ওটা
আমার কাছেও নাই!”

“তবে যে এই ভূতের দোকান!
ভয় দেখাও না কেন?”
“আমায় দেখেই পালাও সবাই—
বিক্রি হবে কেমনে?”

বসলুম তাই বেঞ্চির ধারে,
করলুম দুটো গল্প;
ভূতের মুখে হাসি ফুটল,
ভয় কমল অল্প অল্প।

ফেরার বেলায় দিল সে আমায়
শিশিরভরা পাত্র—
“খুললে পাবে আজকের রাতের
বন্ধুত্বটুকু মাত্র।”

ভোরে দেখি পুকুরপাড়ে
দোকানখানা নাই;
শালিক ডাকে—পকেট থেকে
শিশির ঝরে যায়।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Horror