কাপালিক পাঁচ ভাগ
কাপালিক পাঁচ ভাগ
(পূর্ব প্রকাশিতের পর)
রুদ্রশঙ্কর ব্রহ্মচারী গুহা থেকে বেরিয়ে গ্রামের পথ ধরলেন। বিপরীত দিক থেকে রামু মদিরার বোতল নিয়ে শ্মশানের দিকে আসছে দেখে ধানক্ষেতের আল দিয়ে যাবার রাস্তাটা বদল করলেন রুদ্রশঙ্কর। রামু তা' দেখল। মনে মনে তান্ত্রিকের নিকট বলা সব কথা এক এক করে চিন্তা করতে লাগল। কোন কূলকিনারা না পেয়ে হাতের বোতলে যেটুকু পরিমান মদিরা অবশিষ্ট ছিল ; সবটাই গলাধ:করণ করে রুদ্রশঙ্কর যে আল বেয়ে আসছিলেন সেই আল ধরে এগোতে লাগল । রামু ভেবেছিল তান্ত্রিক তাঁর এই আচরণ কিছুতেই মেনে নেবেন না, একটা বিহিত তো নিশ্চয়ই করবেন। কিন্তু অক্ষত শরীরে ফুরফুরে মেজাজে রুদ্রশঙ্করকে আসতে দেখে যারপরনাই বিস্মিত হল । মুখে চোখে তা গোপন রেখে জিজ্ঞেস করল - কাকাবাবু কি সন্ন্যাসীর ডেরা থেকে ফিরছেন ?
- হাঁ, তোর কি কোন বলার আছে?
একটু আমতা আমতা করে রামু বলল - না তা ঠিক ধয়, তবে---
- তবে কি ভেবেছিলি? আমি আর ফিরব না ? ওরে সে গুড়ে বালি ! জানিস, আজ আমার মাতৃমূর্তির সাক্ষাৎ দর্শন হল। আহা ! কি অপরূপ সেই দৃশ্য! তুই দেখলে বিশ্বাসই করবি না।
- কেন, কি এমন দেখলে যে বিশ্বাস হবে না?
- ও তুই বুঝবি না রে পাগলা ! ও তুই বুঝবি না। আর তোকে বলেও কোন লাভ নেই; তুই তো আর তোর স্বভাবের পরিবর্তন করতে পারবি না !
- তা' বলই না শুনি ! আরে ছেড়ে দাও, ঐ সব তন্ত্রমন্ত্র বুঝতেও চাই না। আমি যা আছি, তাই থাকব।
- না রে পাগলা! একবার যা না সেখানে, গেলেই টের পাবি।
রামু ভাবল এ কেমন ফাঁদে ফেলতে চাইছে রে বাবা। তার চেয়ে মানে মানে কেটে পড়াই ভালো।
রামু তার ভাব প্রকাশ করল না ঠিকই, তবে ইতিমধ্যে তার একটা ভাবান্তর হল। কমলের কচি বৌটা, যে রুদ্রের সাথে গতকালও ফষ্টিনষ্টি করেছে- ওই বৌটাকে এবার সে-ই ফুসলাবে। এমত ধারণা নিয়ে সে চলতে লাগল। গন্তব্য ছিল সন্ন্যাসীর ডেরা। কিন্তু তৎক্ষণাৎ সেই পথ ছেড়ে রেলওয়ে স্টেশন অভিমুখে রওনা দিল। রুদ্র তখন আত্মমগ্ন হয়ে বেশ কিছুটা দূরে চলে গেছেন। পিছন ফিরে সেই গমনপথের দিকে কিছুক্ষন চেয়ে রইল । সামনেই ডাঙরা নদী। শুকনো খটখটে। বালি খুঁড়ে দু' আঁজলা জল পান করে নিল। তারানাথ বটগাছের নীচে বসেছিলেন। হাত নেড়ে ওকে ঈশারা করে ডাকলেন। যোগসিদ্ধ তান্ত্রিকের সেই আহ্বান উপেক্ষা করে কোন আহাম্মক। সম্মোহিতের মত রামু পদতলে উপবেশন করল। তারানাথ রুদ্রশঙ্করের সঙ্গে সাক্ষাতের বিবরণ চাইলেন। সত্য গোপন করে রামু উল্টে অপবাদ দিতে শুরু করল। খানিক শুনে তারানাথের চক্ষুদ্বয় উজ্জ্বলতর হচ্ছে দেখে রামু দ্বিগুণ উৎসাহে তারানাথকে বানানো গল্প বলতে লাগল। তারানাথ তেলে-বেগুনে জ্বলে উঠলেন। পদতলে অবস্থানরত রামুকে মুহুর্মুহু পদাঘাত করতে করতে বললেন - তুই মর হতভাগা! তোর মরে যাওয়াই মঙ্গল।
বলে জলদগম্ভীর কন্ঠে ডাকলেন - জয় মা ।
রামু মাটিতে পড়ে ছটফট করতে লাগল। এই বুঝি প্রাণবায়ু বেরিয়ে যায়।
তারানাথ টেনে হিঁচড়ে রামুকে গুহার গর্ভগৃহে নিয়ে এলেন। রুদ্রশঙ্করকে যা যা করেছিলেন তার পুনরাবৃত্তি করলেন। রামু ইতিপূর্বে সন্ন্যাসীর এই রুদ্রমূর্তি কখনও প্রত্যক্ষ করে নাই। তার বাহ্যজ্ঞান লোপ পেল। অজ্ঞান হয়ে গর্ভগৃহে পড়ে রইল।
রামু এক বখাটে ছেলে। কখন কোথায় থাকে পরিবারের লোকজন জানেন না। 'গেছে কোথাও, কোন চূলোয়' - এই রকম ধারণা নিয়ে পরিবারের দিন সাতেক কেটে গেল। এরপর তাঁরা চিন্তায় পড়লেন। এমন তো কখনও হয় নাই। একটানা এতদিন বেপাত্তা থাকা পরিবারের কাছে ঠিক বোধগম্য হল না । তাঁরা খোঁজ নিতে শুরু করলেন। এ গাঁয়ে সে গাঁয়ে , পরিজনদের , বন্ধুবান্ধবদের কাছে খবর নিয়ে যখন কোথাও তার সন্ধান পাওয়া গেল না, অবশেষে তাঁরা পুলিশে খবর দিল । রুটিনমাফিক জিজ্ঞাসাবাদ ছাড়া পুলিশও চুপ করে গেল। রামুর এক তুতোদাদা রুদ্রশঙ্করের শরণাপন্ন হলে তিনি বললেন - এত দিন পর খবর নিচ্ছেন কেন?
- প্রথমে ভেবেছিলাম ও তো এমন প্রায়শই করে তাই সেভাবে ভেবে দেখি নাই। আপনার কাছে কোন খবর আছে কি
- আমার কাছে ? রুদ্রশঙ্কর কিছুটা হতভম্ব হয়ে বললেন - না তো সে রকম কিছু তো জানি না! তবে হাঁ, বেশ কিছুদিন আগে ওর সাথে আমার শ্মশান কালীর মন্দিরের নিকট সাক্ষাৎ হয়েছিল বটে তারপর তো আর কিছু জানি না!
- কতদিন আগের কথা বলছেন
- তা সাত আটদিন আগে।
- ঠিক সাতদিন আগে থেকে ওর খোঁজ নেই। রামুর তুতো দাদা একটু সন্দেহজনক কিছু ভাবল। তা'হলে ব্রহ্মচারী ঠাকুর হয়তো জানেন ঘটনাটা। এখন বলতে চাইছেন না। বলল - দেখুন , রামু তো ওরকমই। একটু পাগলাটে। তা বলে এমন কাণ্ড তো কখনও করে নি!
রুদ্রশঙ্করের কাছ থেকে বিদায় নিয়ে রামুর দাদা গেল থানায়।
- স্যার , রামুর কোন খবর!!!
- না, পাওয়া যায় নি। সব থানাগুলোতে সতর্ক করে দেওয়া হয়েছে।
- স্যার, আমার মনে হচ্ছে রুদ্রবাবু কিছু জানেন। তিনি লুকোচ্ছেন। দয়া করে একটিবার যদি তাঁকে..
- বলেন কি মশাই ? মোড়ল মশাই নিপাট ভদ্রলোক। ওনাকে অমনি জিজ্ঞাসাবাদ করা যায় ?
- স্যার গরীবের খুব উপকার হয়।
- ঠিক আছে দেখছি।
ব্যস! ওই পর্য্যন্তই। পুলিশ যায় নি। আর রামুও নিরুদ্দেশ।
বাড়িতে একটা শোকের আবহ। অমন মদ্দ জোয়ান ছেলেটা রাতারাতি উবে গেল না কি!
রামুর দাদা শ্মশানে গেল। তখন তারানাথ সান্ধ্যাহ্নিকে ব্যস্ত। রামুর দাদা তলপেট থেকে আওয়াজ করে ডাকল - রামুউউউউ!
আকাশে বাতাসে প্রতিধ্বণি হয়ে সেই ডাক তার কানেই নি:শ্বেষ হয়ে গেল। সে আবার ডাকল। আবার আবার বেশ কয়েকবার। বটগাছের মগডাল থেকে উত্তর এলো - আমি এখানে।
সচকিত চাইল রামুর দাদা। কিন্তু কিছুই ঠাউর করতে পারল না। এদিকে তারানাথ আহ্নিক সেরে গুহার বাইরে এলেন। রামুর দাদা পা জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল। তান্ত্রিক বললেন - শোন! রামুর কাজ এখনও শেষ হয় নি। তুমি বাড়ি ফিরে যাও। ও এখন বানর জীবনে আছে। নর হলেই বাড়ি ফিরবে।
(ক্রমশ)
