চিরকুট রহস্য
চিরকুট রহস্য
হাওড়া স্টেশনে এসে ট্রেনটা থামার পর, ট্রেনের কামরা খালি করে সবাই নেমে গেলেও, সেই ফাঁকা ট্রেনের কামরায় চুপ করে বসেই রইল বিশ্বজিৎ। আজ যেন তার ট্রেন থেকে নামার কোনো ইচ্ছাই নেই। মন খারাপ করে সেখানেই বসে রইল সে। মনে মনে সে ভাবল, আজ যদি তার বাবা-মা জীবিত থাকতেন, তাহলে আজকের এই শুভ দিনে তাকে কত আদর-যত্ন করতেন ওনারা। কিন্তু আজ এই পৃথিবীতে নিজের বলতে আর কেউ নেই তার। তাই আজ তাকে ভালোবাসার বা যত্ন করারও কেউ নেই।
আজ বিশ্বজিতের জন্মদিন। ২ বছর আগে পর্যন্ত বিশ্বজিতের বাবা-মা আজকের দিনে মাথায় হাত দিয়ে প্রাণভরে আশীর্বাদ করতেন তাকে। তার বাবা নিজে গিয়ে বাজার করে আনতেন, আর মা রান্না করতেন বিশ্বজিতের পছন্দের সব রকমের খাবার। যত্ন করে পাশে বসিয়ে খাওয়াতেন ওনারা তাকে।
দুই বছর আগে এক বিপর্যয়ে একই সাথে বিশ্বজিতের থেকে দূরে চলে গেলেন ওনারা। এই অকূল পৃথিবীতে একদম একা হয়ে যায় বিশ্বজিৎ। আত্মীয়-স্বজন বলতে কেউ ছিল না তেমন। তারপর থেকে আজকের এই দিনে, অর্থাৎ তার জন্মদিনে তার বাবা-মাকে সব থেকে বেশি করে মনে পড়ে বিশ্বজিতের। চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার, আর চোখের সামনে ফুটে উঠল তার বাবা-মায়ের স্নেহভরা মুখ দুটি।
আজকের দিনে তার অফিসে গিয়ে কাজ করতে একদম ইচ্ছা করে না, কারণ তার বাবা-মা জীবিত থাকাকালীন কোনোবারই আজকের দিনে সে অফিসে যেত না। সারাদিন সে কাটাত তার বাবা-মায়ের সঙ্গেই। তাই আজ বারে বারে শুধু তার বাবা-মায়ের কথাই বেশি মনে পড়ছে বিশ্বজিতের। কিন্তু তাও সে আজ অফিসে এসেছে। কারণ মানুষের জীবনে বেঁচে থাকার জন্য একটা অবলম্বন যখন হারিয়ে যায়, তখন তার জীবনের হাল ধরার জন্য কেউ না কেউ ঠিক চলে আসে। যে হয়ে ওঠে তার জীবনের বেঁচে থাকার মানে। সেই টানেই আজ বিশ্বজিৎ তার জন্মদিনের দিন চলে এসেছে অফিসে, আজকের দিনে সেই একমাত্র খুশিটুকু পাওয়ার জন্যই। বিশ্বজিতের সেই একমাত্র খুশিটুকুর নাম হলো পিয়ালী। পিয়ালী হলো তার জীবনের সেই একমাত্র বেঁচে থাকার আশা, যে পরম ভালোবাসা ও মায়ার বাঁধনে ধরে রেখেছে তার এই নিঃসঙ্গ জীবনের হাল। কারণ বিশ্বজিৎ জানে, আজকের দিনে কারোর তার জন্মদিনের কথা মনে থাক বা নাই থাক, পিয়ালী ঠিক মনে রাখবে তার জন্মদিনের কথা, তার বাবা-মায়ের মতোই স্নেহ ও মাধুর্য দিয়ে ভরিয়ে দেবে তাকে। এই হবে তার পরম পাওয়া আজকের দিনে। তাই পিয়ালীকে দেখার জন্য মনটা ছটফট করছিল বিশ্বজিতের।
তাই পৌঁছেই চারিদিকে একবার তাকিয়ে দেখে নেয় বিশ্বজিৎ। কিন্তু অফিসে কোথাও পিয়ালীকে দেখতে পেল না সে। পিয়ালীকে না দেখতে পেয়ে মনটা আরও খারাপ হলো বিশ্বজিতের। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর যখন অফিসের বড় ঘড়িতে ঢং ঢং করে দুপুর বারোটা বাজল, তখন একটু বিচলিত হয়ে উঠল বিশ্বজিৎ। কারণ অনেকবার চেষ্টা করা সত্ত্বেও পিয়ালীকে ফোন করে সে পায়নি। প্রতিবারই পিয়ালীর ফোন সুইচ অফের সাড়া দিয়েছে। বিশ্বজিৎকে এইভাবে বিচলিত হতে দেখে পাশের টেবিল থেকে তারই একজন কলিগ বলে ওঠে, “আর ঘড়ি দেখো না ভায়া, পিয়ালী আজকে আর আসবে না মনে হয়।” মনে মনে ভারী তাজ্জব হয় বিশ্বজিৎ, এই একজনই তো ছিল যার থেকে একটু শুভেচ্ছা পাওয়ার আশা করেছিল সে। আর আজকেই, বিশ্বজিতের এই বিশেষ দিনটাতেই পিয়ালী এলো না। পকেট থেকে মোবাইলটা বের করে আরও বেশ কয়েকবার পিয়ালীর নম্বরটা ট্রাই করে সে। সেই একই অবস্থা, এখনো সুইচ অফ বলছে পিয়ালীর নম্বর। এবার কষ্টের থেকে বেশি চিন্তা হতে লাগল বিশ্বজিতের পিয়ালীর জন্য। কোনো কিছুই ভালো লাগছিল না বিশ্বজিতের। তার মনটা যেন কেমন একটা অশনি-সংকেতের আভাস পাচ্ছিল। গোটা অফিসে কর্মরত প্রতিদিনের জানাশোনা মানুষগুলো থাকা সত্ত্বেও নিজেকে কেমন যেন একা লাগছিল তার। ঠিক বাবা-মাকে হারানোর পর যেমন সর্বহারা হয়ে পড়েছিল সে, আজ অফিসে পিয়ালীর অবর্তমানে তেমনি একা হয়ে পড়েছিল সে। তার উপর সকাল থেকে পিয়ালীকে ফোন না পাওয়ার ফলে ভিতরে ভিতরে উত্তেজিত হয়ে উঠেছিল বিশ্বজিৎ। অফিসের কাজে কিছুতেই মন বসাতে পারছিল না সে। নিজের কাজের টেবিলে বসে আকাশ-পাতাল ভাবছে বিশ্বজিৎ, ঠিক এমন সময় তার ফোনে আননোন নম্বর থেকে একটা কল আসে। আর কলটা রিসিভ করে কানে দিতেই পায়ের নিচ থেকে মাটি সরে যায় বিশ্বজিতের, এক পলকে বিবর্ণ হয়ে যায় তার মুখ।
আর এখন থেকেই আমাদের গল্পের মোড় ঘুরে চলে যায় সম্পূর্ণ অন্য পথে...
ফোনটা কানে দেওয়ার সাথে সাথে অত্যন্ত কর্কশ ও বাজখাঁই গলায় প্রায় মাঝবয়সী অবাঙালি ধরনের একটা ব্যক্তির কণ্ঠস্বর বাংলা-হিন্দি মেশানো ভাষায় বলে ওঠে, “পিয়ালী আজকে আর অফিসে লটবে না বিশ্বজিৎবাবু, অর্থাৎ পিয়ালী আজ আর অফিসে আসবে না।” হেঁয়ালির সাথেই কথাটা বলে বিকট এক পৈশাচিক হাসিতে ফেটে পড়ে ফোনে থাকা ওপারের সেই অজানা লোকটি। লোকটির মুখে এইরকম কথা শুনে আরও বেশি চিন্তিত হয়ে পড়ে বিশ্বজিৎ। কাউকে কিছু না বুঝতে দিয়ে অফিসের বাইরে বেরিয়ে ফোনের ওপারে থাকা লোকটিকে প্রশ্ন করে বিশ্বজিৎ,
“আপনি কে?
আর পিয়ালী কোথায়?”
বিশ্বজিতের করা প্রশ্নের উত্তরে ওই অজানা ব্যক্তিটি সেইরকম বাংলা-হিন্দি মেশানো কণ্ঠে বলে ওঠে, “না না বিশ্বজিৎবাবু, একদম জাদা বাত করবেন না আপনি। হামি আপনাকে কোনো উত্তর দিতে বাধ্য নই। আর একটাও কথা আপনি বলবেন না, হামি যা বলব আপনি শুধু সেটা শুনে যাবেন। তা না হলে কিন্তু আপনার পেয়ারের পাখি পিয়ালীকে আপনি আর কোনোদিনও দেখতে পারবেন না, মাইন্ড ইট। আপনি সমঝদার মানুষ আছেন বিশ্বজিৎবাবু, কাজেই বুঝতে পারছেন আমরা কে আর আমরা চাইলে কী কী করতে পারি। তাই প্লিজ হামাকে বাধ্য করবেন না,” এই কথা বলেই আবারও সেই কুৎসিত হাসিতে ফেটে পড়ে ওই ব্যক্তি।
বিশ্বজিতের মাথার উপর তখন গোটা পৃথিবী ঘুরছে। এই লোকটার কথা শুনে লোকটা যে গুন্ডা-বদমাশ ছাড়া আর অন্য কিছু না, সেটা বুঝতে আর অসুবিধা রইল না বিশ্বজিতের। সকাল থেকে যে পিয়ালীর ফোন কেন সুইচ অফ আসছে, আজ পিয়ালী অফিসে এলো না, এইসবের সাথে যে এই লোকটাই যুক্ত তা নিয়ে আর কোনো সন্দেহ রইল না বিশ্বজিতের মনে। তাই এই বদমাশ লোকটার কথা না শোনা ছাড়া এখন আর কোনো উপায়ও নেই তার।
বিশ্বজিৎ বলে, “আমি তোমার সব কথা শুনব, শুধু তোমাকে কথা দিতে হবে যে তুমি পিয়ালীর কোনো ক্ষতি করবে না।” বিশ্বজিতের এই কথার পরিবর্তে সেই অজানা লোকটি আবারও সেই হেঁয়ালির কুৎসিত হাসিটা হেসে বলে ওঠে, “বিলকুল বিশ্বজিৎবাবু, বিলকুল। আপনার পেয়ারের পাখিকে আমরা কোনো ক্ষতি করব না, যদি আপনি হামাদের কথা মতো কাজ করেন তো।”
বিশ্বজিৎ বলে, “আমি তোমাদের সব কথা শুনব, সব কাজ করব, শুধু আমাকে একবার বলো পিয়ালী কোথায় আছে?”
পরক্ষণেই লোকটি বলে ওঠে, “নিশ্চয়ই বলব বিশ্বজিৎবাবু, নিশ্চয়ই বলব। তবে আপনি কি আমাদের এতটাই বুর্বক ভাবেন বিশ্বজিৎবাবু, এত সহজে তো আপনি আপনার পেয়ারের পাখিকে পাবেন না। আগে আজ সন্ধ্যা তক আপনি হামাদের কাজগুলো করে দিন, আর আপনার পেয়ারের মাশুককে নিয়ে চলে যান।” এই বলে আবারও সেই কুৎসিত হাসিটা হেসে ওঠে সেই অজানা লোকটি। এই হাসিটা যেন লোকটার সহজাত প্রবৃত্তির মধ্যে পড়ে। তাই সব কথায় এই হাসি বেরিয়ে আসে তার গলা দিয়ে।
বদমাশটার কথাগুলো শুনে বিশ্বজিৎ কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে উঠল, “বলো আমাকে তোমাদের হয়ে কী কাজ করতে হবে।”
বদমাশটা বলে, “এই তো বিশ্বজিৎবাবু, আপনি গুড বয় আছেন। কিন্তু একটা কথা বলে রাখি বিশ্বজিৎবাবু, আপনি যদি কোনো হুঁশিয়ারি করার কোশিশ করেন, তাহলে আপনার পেয়ারের পাখির মুখটা একটু মনে করে নেবেন। কারণ ওই মুখটা আপনি আর কোনোদিন দেখতে পারবেন না বিশ্বজিৎবাবু।”
বিশ্বজিতের মাথায় রাগ উঠে গেল, এবার সে চেঁচিয়ে উঠে বলল, “হুঁশিয়ারি করার থাকলে আমি এখনই পুলিশে কল করতাম, তোমার সাথে কথা বলতাম না।” বদমাশটা এবার গম্ভীর গলায় বলে, “একদম ঠিক বাত বলেছেন বিশ্বজিৎবাবু। আর কোনোভাবে পুলিশকে জানানোর কোশিশ ভি করবেন না। তাহলে কিন্তু...” কথাটা বলে আবার বিকটভাবে হেসে ওঠে লোকটি।
বিশ্বজিৎ বলে, “হ্যাঁ, পুলিশকে কিছুই জানাব না, কিন্তু আমি আবারও বলছি পিয়ালীর যেন কোনো ক্ষতি না হয়। তাহলে কিন্তু আমি তোমাদের কাউকে ছাড়ব না।”
প্রত্যুত্তরে বদমাশটা চাপা ও কৌতুকের কণ্ঠে বলে ওঠে, “আপনি হামাদের কিছুই করতে পারবেন না বিশ্বজিৎবাবু। তবে আপনি ইজ্জতদার আদমি আছেন। আপনাকে যখন জুবান দিয়েছি, তখন আমার জুবানের কোনো নড়চড় হবে না। কিন্তু আপনিও আপনার কাজটা ঠিকভাবে করবেন বিশ্বজিৎবাবু।
এবার হামি আপনাকে যা বলছি সেটা মন দিয়ে শুনুন বিশ্বজিৎবাবু।
আর বেশি কথা হামি বলব না বিশ্বজিৎবাবু। আমি আর আপনাকে কলও করব না। আপনি যদি আপনার কাজগুলো ঠিকমতো করেন, তাহলে সন্ধ্যার ভিতর আপনি পৌঁছে যাবেন হামার আস্তানায়। আর এখানেই আমার কাছেই আছে আপনার পেয়ারের পাখি।
এখন আপনি সোজা চলে যান আপনার অফিসের টেবিলে, আর তিন নম্বর ড্রয়ারের প্রথম ফাইলটার মধ্যে একটা লিফাফা পাবেন। ওখানে ঠিক যেভাবে বলা আছে ঠিক সেইভাবে আপনি কামগুলো করে যাবেন।
আর হ্যাঁ বিশ্বজিৎবাবু, মনে রাখবেন কোনোভাবেই হুঁশিয়ারি করার চেষ্টা করবেন না। কারণ হামাদের আদমি আপনাকে সব সময় চোখে চোখে রাখবে।
রাখি তাহলে, এবার রাখি বিশ্বজিৎবাবু,” এই বলে আবার সেই কুৎসিত হাসিটা হেসে কলটা কেটে দেয় সেই বদমাশ লোকটা।
এতক্ষণ যেন বিশ্বজিৎ একটা আতঙ্কের ঘোরের মধ্যে ছিল, ফোনটা কেটে যেতেই যেন সংবিৎ ফিরে পায় বিশ্বজিৎ। আর সাথে সাথেই সে দৌড়ে অফিসে ঢুকে তার টেবিলের তিন নম্বর ড্রয়ারের প্রথম ফাইলটা খুলে অবাক হয়ে যায়। ফাইলের ভিতরে সত্যি সাদা কাগজের একটা চিরকুট পেল বিশ্বজিৎ। তাতে খাঁটি বাংলা অক্ষরে লেখা আছে, “পিয়ালীকে যদি অক্ষতভাবে পেতে চাও তাহলে এখনই অফিস থেকে বেরিয়ে পড়, আর শিয়ালদহ স্টেশনের চার নম্বর ফুলের দোকানে গিয়ে তোমার নাম বলো। ওখানে তুমি পরের নির্দেশ পাবে।” লেখাটার নিচে বড় বড় অক্ষরে লেখা আছে একটা সাবধানবাণী, “ভুল করেও কাউকে এই বিষয়ে জানানোর চেষ্টা কোরো না। আপনি আমাদের নজরে আছেন।”
মুখ-চোখ ঘেমে উঠল বিশ্বজিতের, পিয়ালীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে সে। বাবা-মায়ের পর সেই হলো তার একমাত্র আপনজন, কিন্তু আজ সে বিপদে। সেই কাগজের চিরকুটটা হাতে নিয়ে কোনোদিকে না তাকিয়ে, অফিসের কাউকে কিছু না বলে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে সে বেরিয়ে পড়ল অফিস থেকে। মাথা তখন উদ্ভ্রান্তের মতো হয়ে গেছে তার। পাগলের মতো সে পৌঁছে গেল শিয়ালদহ স্টেশনে, সেই চিরকুটের নির্দেশিকা অনুযায়ী চার নম্বর ফুলের দোকানে। সেখানে গিয়ে ওই চিরকুটের নির্দেশিকা মতো নিজের নাম বলল বিশ্বজিৎ।
নাম বলার সাথে সাথেই যা কাণ্ড ঘটল তাতে অবাক হয়ে গেল সে। বিশ্বজিৎ দোকানে গিয়ে নিজের নাম বলার সাথে সাথেই সেই দোকানদারটি হাসিমুখে একটা সুন্দর সাজানো বড় ফুলের বুকে তুলে দিল বিশ্বজিতের হাতে। গোলাপ-সহ নানা রকমের ফুল দিয়ে সাজানো ছিল সেই ফুলের বুকেটা। কিছুই বুঝতে পারল না বিশ্বজিৎ, নিজেকে নিজেই প্রশ্ন করল সে,
“এর মানে কী?”
বুকেটা হাতে নিয়ে ভালো করে দেখতেই তার মধ্যে বিশ্বজিৎ আরও একটা চিরকুট দেখতে পেল, ঠিক আগেরবারের চিরকুটটার মতোই। তাড়াতাড়ি করে চিরকুটটা খুলে ধরল সে চোখের সামনে। আবার তাতে এক নতুন নির্দেশিকা দেওয়া, কিছুই বুঝে উঠতে পারল না বিশ্বজিৎ।
কী এই চিরকুট রহস্য?
কী আছে, কে আছে এর পিছনে?
আশেপাশের মানুষজনদের দিকে সন্দিগ্ধ নজরে দেখতে লাগল বিশ্বজিৎ।
কেউ কি তাকে ফলো করছে?
বিশ্বজিতের মাথায় এবার পিয়ালীর জন্য চিন্তাটা আরও বেড়ে গেল। জানি না কী বিপদ আছে সামনে, কেমন আছে পিয়ালী।
নিজেকে কোনোরকমে সামলে নিয়ে আবার সেই চিরকুটের নির্দেশিকার দিকে নজর দিল বিশ্বজিৎ। সে দেখল এবার সেখানে লেখা আছে, “এই ফুলের বুকে হাতে নিয়ে এবার তুমি চলে যাও নিউ মার্কেটের রাধামোহন বস্ত্রালয়ের কাউন্টারে। আর সেখানে গিয়ে আগের মতোই শুধু নিজের নাম বলো।” এবারেও লেখার শেষে সেই সাবধানবাণী, “ভুল করেও কাউকে এই বিষয়ে জানানোর চেষ্টা কোরো না। আপনি আমাদের নজরে আছেন।” ভারী রাগ হলো এবার বিশ্বজিতের, শিয়ালদহ থেকে আবার নিউ মার্কেট, এইভাবে বাঁদর নাচ নাচাচ্ছে তাকে। কিন্তু পিয়ালীর কথা ভেবে, আর তাকে তাড়াতাড়ি উদ্ধার করার জন্য, এইসব কিছু নিয়ে আর বেশি না ভেবে বিশ্বজিৎ পৌঁছে গেল চিরকুটে উল্লিখিত নিউ মার্কেটের সেই রাধামোহন বস্ত্রালয়ের কাউন্টারে। তারপর কাউন্টারে গিয়ে নিজের নাম বলার সাথে সাথেই কাউন্টারে থাকা ব্যক্তি হাসিমুখে একটা শপিংয়ের বড় ব্যাগ ধরিয়ে দেয় বিশ্বজিতের হাতে। এবার বিশ্বজিৎ অনেক অবাক হয়,
“এইসব হচ্ছেটা কী?”
শপিংয়ের ব্যাগ হাতে পেয়ে তার মধ্যে আবারও চিরকুটের সন্ধান করতে থাকে বিশ্বজিৎ। বেশি ক্ষণ খুঁজতে হলো না বিশ্বজিৎকে, আবারও বেরিয়ে এলো সেই ব্যাগের মধ্যে থেকে তিন নম্বর চিরকুটখানা। এবার একটা দীর্ঘ নিঃশ্বাস নিল বিশ্বজিৎ। কী হচ্ছে এসব, আবার চিরকুট মানে আবার নতুন নির্দেশিকা। পিয়ালীর জন্য, ওকে দেখার জন্য মনটা ছটফট করছে বিশ্বজিতের। আর ভালো লাগছে না তার, কতক্ষণে সে দেখতে পাবে পিয়ালীকে, কেমন আছে পিয়ালী এইসব নিয়ে চিন্তায় বিভোর হয়ে পড়ল সে।
বিষয়টা ধীরে ধীরে বেশ রহস্যজনক হয়ে উঠছিল বিশ্বজিতের। বুকের ভিতর যেন ঢেঁকির পার পড়ছিল অনবরত। পকেট থেকে মোবাইলটা বার করে আবার পিয়ালীর নম্বরটা চেষ্টা করল বিশ্বজিৎ। প্রতিবারের মতোই কোনো সাড়া এলো না এবারেও, সেই একই জিনিস, সেই আউট অফ সার্ভিস টোন। চিন্তাটা যেন আরও বেড়ে গেল বিশ্বজিতের। না জানি কী অবস্থায় আছে পিয়ালী, একবার মনে হলো সে পুলিশে খবর দেয়। পরক্ষণেই মনে পড়ে যায় সেই সাবধানবাণী, আর সেই বদমাশটার কুৎসিত হাসিখানা।
সব দিক থেকে উদ্ভ্রান্ত বিশ্বজিতের মাথা তখন আর নিজের বশে নেই। কলের পুতুলকে যেমন চাবি ঘুরিয়ে দিলে সে নাচতে শুরু করে, বিশ্বজিৎও সেইরকম করে নেচে চলেছে। এখানে এক একটা নির্দেশিকা হলো এক একটা চাবি, আর সেই চাবির নির্দেশে কলের পুতুলের মতোই ঘুরে চলেছে সে।
তৃতীয় চিরকুটটা খুলে এবার মাথায় হাত পড়ার মতো অবস্থা বিশ্বজিতের। চিরকুটে লেখা আছে, “এবার তুমি ফুলের বুকে আর শপিংয়ের ব্যাগ নিয়ে সোজা চলে যাও পার্ক স্ট্রিটের ‘কেক মন’ দোকানের কাউন্টারে, আর গিয়ে তোমার নাম বলবে।” তারপরেই লেখার শেষে সেই সাবধানবাণী দেখা যায় প্রতিবারের মতোই। এ যেন সেই সাপ-সিঁড়ির মতো খেলা, প্রতিবার ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে দাঁড়াচ্ছে।
চিরকুটের রহস্য যেন আরও রহস্যময় হয়ে উঠছিল এবার।
বিশ্বজিৎ ভাবতেই পারেনি যে আজকের তার জীবনের এই শুভ দিনটা এমন ভয়ঙ্কর রূপ নেবে। ঠিক তখন হাতের ঘড়িটার দিকে নজর পড়ল বিশ্বজিতের, তখন প্রায় পৌনে চারটে বাজতে যায়। সেই বদমাশ লোকটার কথাগুলো মনে পড়ে গেল বিশ্বজিতের, সে বলেছিল সন্ধ্যার মধ্যে তার সব কাজ সম্পন্ন করলে তবেই পিয়ালীকে ছাড়বে সে।
তাই আর সময় নষ্ট না করে পার্ক স্ট্রিটের সেই কেক মন দোকানের কাউন্টারে গিয়ে হাজির হলো বিশ্বজিৎ। প্রতিবারের মতো আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবারেও বিশ্বজিৎ কাউন্টারে গিয়ে তার নাম বলার পর সেই কাউন্টারের প্রতিনিধি হাসিমুখে একটা বড় কেকের বাক্স ব্যাগ-সহ হাতে তুলে দিল বিশ্বজিতের। কেকের বাক্স হাতে পাওয়ার পর এবার আর কিন্তু তাকে পরের নির্দেশিকার চিরকুট খুঁজতে হলো না। একদম কেক মনের বড় কেকের বাক্সের উপর দেখতে পেল বিশ্বজিৎ সেই সাদা নির্দেশিকার চিরকুট। এবার চিরকুট পেয়ে আর তেমন অবাক হলো না বিশ্বজিৎ, সাবলীলভাবে চিরকুটটা হাতে নিয়ে ভালো করে পড়ল সে। কিন্তু লেখাগুলো পড়ে এবার বিশ্বজিতের চোখ যেন আরও বেশি বিস্ফারিত ও গোল গোল হয়ে উঠল। তার মনের উন্মত্ত ভাব আরও বাড়ল বই কমল না। এই চিরকুটের নির্দেশিকা এবার আরও বেশি রহস্যজনক করে তুলল বিশ্বজিতের মনকে, পিয়ালীকে ফিরে পাওয়ার আশাকে। সব কিছু যেন জট পাকিয়ে যেতে লাগল বিশ্বজিতের মাথার মধ্যে। পিয়ালীর মলিন মুখটা বারবার ভেসে উঠতে লাগল বিশ্বজিতের চোখের সামনে, চোখটাও যেন একটু ছলছল করে উঠল তার।
এই চিরকুটের নির্দেশিকাতে লেখা ছিল, “চলো, অনেক হয়েছে ছেলেমানুষি। এইবার তুমি আমাদের কাজের জন্য পুরোপুরি তৈরি। তোমাকে এতক্ষণ ধরে এতগুলো আলাদা আলাদা জায়গায় ঘোরানোর কারণ হলো একটাই, যাতে তোমাকে কেউ সন্দেহ না করতে পারে, আর তুমিও যেন কোনো বেচাল না করতে পারো। একবার নিজের দিকে তাকিয়ে দেখো তো, তোমাকে দেখে কেউ বলবে যে তোমার কোনো প্রিয়জন কাছের মানুষ আমাদের কাছে বন্দি আছে? আর কী করেই বা বুঝতে পারবে বলো, তোমার হাতের ওই বড় ফুলের বুকে, শপিংয়ের ব্যাগ, কেক মনের বড় কেকের প্যাকেট, এইসব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাকে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই তুমি সম্পূর্ণ তৈরি হয়ে কোনো পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছ। এখানে কারোর কোনো সন্দেহ করার অবকাশ পর্যন্ত নেই। বুঝলে মিস্টার, এইভাবেই পরিচ্ছন্নতার সাথে আমরা আমাদের কাজ করে থাকি।
তুমি জানোই না, আর কিছু সময় পরে তোমার জন্য কী অপেক্ষা করে আছে।”
বুকের ভিতরটা কেমন যেন আঁতকে ওঠে বিশ্বজিতের। বুকের মাঝে যেন ঢেঁকির পার পড়তে থাকে বিশ্বজিতের, বুক ফেটে কাঁদতে ইচ্ছা করে তার। পিয়ালীর মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠতে থাকে বিশ্বজিতের।
“এ কেমন বিপদের মধ্যে পড়ল তারা, আর কেনই বা পড়ল? তাদের তো কোনো শত্রু নেই, তাহলে এরা কারা, কী চায়, কেনই বা এইভাবে পিছনে পড়েছে তারা তাদের? কী কাজ করাতে চায় তারা তাকে দিয়ে? সত্যি কি ওরা ওদের কথা রাখবে, সত্যি কি সে আবার দেখতে পাবে পিয়ালীকে? সে কি বেরোতে পারবে এই গোলকধাঁধা থেকে, উদ্ধার করতে পারবে পিয়ালীকে?” নানা রকমের প্রশ্নের ভিড়ে হারিয়ে যাচ্ছিল সে। মস্তিষ্ক যেন অপ্রকৃতিস্থ হয়ে পড়ছিল বিশ্বজিতের। কোনোরকমে নিজেকে সামলে রেখে চিরকুটের নির্দেশিকার বাকিটা পড়ল বিশ্বজিৎ।
চিরকুটে লেখা ছিল, “কাউকে কিছু না জানিয়ে তুমি তোমার স্থির বুদ্ধির পরিচয় দিয়েছ। এবার আমার কথা মন দিয়ে শোনো, কেক মন দোকানের বাইরে দেখো লাল রঙের একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তার ড্রাইভারের কাছে গিয়ে আবার তুমি তোমার নাম বলবে। সে তোমাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে একটা বিল্ডিংয়ের সামনে নামিয়ে দেবে। তারপর তুমি সেই বিল্ডিংয়ের ফোর্থ ফ্লোরে গিয়ে পনেরো নম্বর দরজায় বেল বাজাবে। আর হ্যাঁ, তোমার সাথে জিনিসগুলো সমেত কিন্তু তুমি আসবে, ওই জিনিসগুলো খুবই দরকারি।”
এবার এই চিরকুটের নির্দেশিকার শেষে কোনো সাবধানবাণী লেখা ছিল না, সেই জায়গায় লেখা ছিল আরও ভয়ানক কথা।
চিরকুটের নিচে লেখা ছিল, “তাড়াতাড়ি এসো কিন্তু, তুমি এলেই তো শুরু হবে আসল খেলা। তুমি এলেই আমরা জানাব আমাদের আসল দাবির কথা। তাই একদম দেরি কোরো না।”
চিরকুটের লেখাটা পড়ে হতভম্বের মতো সেখানেই দাঁড়িয়ে রইল বিশ্বজিৎ সেই সাদা কাগজের চিরকুটটা হাতে নিয়ে। এই চিরকুট রহস্য নিয়ে উৎকণ্ঠার চরম সীমায় পৌঁছে গেছে সে। অনিশ্চয়তার এমন এক মাঝদরিয়ার এখন সে বাসিন্দা, পরক্ষণে কী হবে তা সে নিজেও জানত না।
আর এই কথাগুলোর মানে কী?
“আমি গেলে শুরু হবে আসল খেলা,” তার মানে,
“কী করতে চায় ওরা?
উদ্দেশ্যটা কী তাদের?”
অনেক ভেবেও এই চিরকুট রহস্যের কোনো তল খুঁজে পেল না বিশ্বজিৎ।
সেখানে দাঁড়িয়েই দোকানের সামনের আয়নায় একবার নিজেকে ভালো করে দেখে নিল সে। সত্যিই তো, হাতে ওই বড় ফুলের বুকে, শপিংয়ের ব্যাগ, কেকের প্যাকেট, এইসব নিয়ে তাকে দেখে সত্যি মনে হচ্ছে সে যেন কোনো পার্টিতেই যাচ্ছে। “আর কী যেন বলল ওরা, এইভাবেই পরিচ্ছন্নতার সাথেই তারা কাজ সারে।” এর মানে, পিয়ালীর কোনো ক্ষতি করবে না তো ওরা? বলেছে আমি গেলেই নাকি ওরা ওদের দাবির কথা জানাবে। তার মানে ওখানে গেলেই সে পিয়ালীর সাথে দেখা করতে পারবে, জানতে পারবে তার কথা।
তাই আর কোনোদিকে না তাকিয়ে কেক মন দোকান থেকে বেরিয়ে বিশ্বজিৎ সেই লাল গাড়ির কাছে গিয়ে নিজের নাম বলল। আর সেই লাল গাড়ির ড্রাইভার তাকে নিয়ে চলল তার গন্তব্যে। অবশেষে একটা হাউসিং কমপ্লেক্সের কাছে গিয়ে তাকে নামিয়ে দিল গাড়িটা। তারপর সেই কমপ্লেক্সের ফোর্থ ফ্লোরে গিয়ে পনেরো নম্বর দরজায় গিয়ে ডোরবেল বাজাল বিশ্বজিৎ। বুকের ভিতর তখন তার তোলপাড় চলছে। কত রকমের অশুভ চিন্তা-ভাবনা তার মাথায় আসছে। না জানি কী দেখতে হবে তাকে ওই ঘরের মধ্যে। পরপর তিন-চারবার বেল বাজানোর পর অবশেষে দরজা খুলল।
সেই ফুলের বুকে, শপিং ব্যাগ, কেকের প্যাকেট নিয়ে ঘরে ঢুকল বিশ্বজিৎ। সে ঢুকে দেখে গোটা ঘরটাই অন্ধকারে ডুবে আছে। বিশ্বজিৎ ঘরে ঢুকতেই দরজাটা আপনা থেকেই যেন বন্ধ হয়ে গেল। আর সেই ঘুটঘুটে অন্ধকারের মাঝে ডুবে গেল বিশ্বজিৎ। ভয়ে-আতঙ্কে এবার পিয়ালীর নাম ধরে চিৎকার করে উঠল বিশ্বজিৎ,
“পিয়ালী, কোথায় তুমি? দেখো আমি এসে গেছি।”
ঠিক তখনই পাশে কোথায় যেন হালকা একটা হাসির শব্দ শোনা গেল। অন্তত বিশ্বজিতের তাই বলেই মনে হলো। পরক্ষণেই ঘরের মধ্যে জ্বলে উঠল একটা মাত্র নীল আলো। আর সেই আধো আলোতে বিশ্বজিৎ দেখতে পেল পিয়ালীকে, ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে পিয়ালী। সব কিছু ফেলে দৌড়ে গিয়ে পরম স্নেহে পিয়ালীকে জড়িয়ে ধরল বিশ্বজিৎ। আর কাঁদতে কাঁদতে বলে উঠল,
“তুমি ঠিক আছো তো পিয়ালী?
তোমার কিছু হয়নি তো?”
আর বিশ্বজিতের কথা শেষ না হতে না হতেই ঘরের মধ্যে জ্বলে উঠল সব আলো। আর পরিচিত মুখের ভিড় আর গলার শব্দে ভরে উঠল গোটা ঘরখানা। তাদের এক অফিস কলিগ বলে উঠল, “ছাড় বাবা বিশ্বজিৎ, এবার ওকে ছাড়, পরে না হয় ধরিস আবার।” পাশ থেকে আরও একজন মহিলা কণ্ঠে বলে ওঠে, “বাবা রে বাবা, ঘরে ঢুকে তুই এত জোরে চেঁচিয়ে উঠলি পিয়ালী বলে, তোকে ভয় দেখাতে গিয়ে আমরাই ভয় পেয়ে গিয়েছিলাম।” এইরকম নানা টুকরো টুকরো কথায় ভরে গেল ঘরখানা। সবাই এখানে তাদের অফিসের লোক।
এবার তাদের অফিসের বস মিস্টার পাকড়াশী হাসতে হাসতে এগিয়ে এসে বিশ্বজিৎকে ব্যঙ্গ করে বলেন, “কী হে বিশ্বজিৎবাবু, তোমার পেয়ারের পাখিকে খুঁজে পেলে?” এই বলে হো হো করে হেসে ওঠেন উনি। আর বিশ্বজিৎও বুঝতে পারে এবার এইসব কিছুর মানে। তার মানে ফোনের সেই বদমাশ লোকটা ছিলেন স্বয়ং তাদের বস পাকড়াশীবাবু।
এবার পিয়ালী বিশ্বজিতের মুখের দিকে তাকিয়ে সস্নেহে বলে উঠল, “হ্যাপি বার্থডে বিশ্বজিৎ।” তার সাথে বাকি সকলে সমস্বরে খুব জোরে চেঁচিয়ে বলে উঠল, “হ্যাপি বার্থডে টু ইউ বিশ্বজিৎ।” পাখার সুইচটা কেউ একজন অন করার সাথে সাথেই সারা ঘরে উড়তে শুরু করল রঙিন কাগজের টুকরো। আনন্দে হতবাক হয়ে পড়ল বিশ্বজিৎ। সে ভাবতেও পারেনি তার জন্য অফিসের সবাই মিলে এই প্ল্যান করে রেখেছে। যার জন্য সকাল থেকে কষ্ট পাচ্ছিল বিশ্বজিৎ, সেই আশা এইভাবে পূর্ণ হবে সে কল্পনাও করতে পারেনি।
ততক্ষণে বিশ্বজিতের হাত থেকে কেক ও বাকি জিনিস নিয়ে সাজাতে শুরু করেছে অফিসের কলিগরা।
পিয়ালী এবার বিশ্বজিতের কাছে এসে বলে, “কী মশাই, কেমন লাগল আমার সারপ্রাইজ?” বিশ্বজিৎ বলল, “খুব ভালো, কিন্তু আমাকে এইভাবে কষ্ট দিলে কেন তুমি, জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি? জানো কতটা চিন্তায় ছিলাম আমি?” তখন হেসে ওঠে পিয়ালী বলল, “তোমাকে এই ভোগান্তি দেওয়ার কারণ হলো, আজ তো শুধু তোমার জন্মদিন নয়।” বিশ্বজিৎ জিজ্ঞাসু দৃষ্টিতে পিয়ালীর দিকে তাকিয়ে বলল, “তাহলে আবার কী?”
এবার সকলের উদ্দেশে পিয়ালী বলল, “বন্ধুরা, আজ বিশ্বজিতের জন্মদিন ছাড়া আর কী?”
তখন সবাই আবার সমস্বরে চেঁচিয়ে উঠে বলল, “এপ্রিল ফুল।”
বিশ্বজিতের মুখের ভাব বদলে গেল, সত্যি তো আজ ফার্স্ট এপ্রিল, তার জন্মদিন আর এপ্রিল ফুল ডে তো একই দিনে। এবার পিয়ালীর মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল বিশ্বজিৎ। তারপর পিয়ালীর দিকে তাকিয়ে বলল, “আমাকে বড় কষ্ট দিলে তুমি।” এবার পাশ দিয়ে একজন বলে ওঠে, “পিয়ালী না, এইগুলো ছিল আমাদের প্ল্যান। নিজের জন্মদিনের জিনিসপত্র নিজে নিজে বয়ে আনতে কেমন লাগল বল? আর পিয়ালীকে হারিয়ে ফেলার ভয় বুকে নিয়ে এখানে এসে ওকে দেখার পর আনন্দটা এখন কেমন লাগছে সেটাও বল।”
এরপর সবাই মিলে কেক সাজিয়ে রেডি করে দিলে, পিয়ালীকে সাথে নিয়ে কেক কাটল বিশ্বজিৎ। আবার হ্যাপি বার্থডে গুঞ্জনে সরগরম হয়ে উঠল গোটা ঘর।
দিনের শেষে এসে আনন্দ-খুশিতে ভরে উঠল বিশ্বজিতের মন। পূর্ণ হলো তার মনের আশা।
তাই বলি, জীবনের প্রতিটা দিন আমাদের যেভাবেই শুরু হোক না কেন, দিনের শেষ সময় পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকা দরকার। না জানি দিনের শেষেই এমন কিছু হলো যা সত্যি করে দিতে পারে তোমার স্বপ্নকে। জীবন যদি এখন তোমার সাথ না দেয় তাহলে অপেক্ষা করো। হয়তো আগামী দিনে তোমার জন্য অপেক্ষা করছে অনেক বড় কিছু পাওনা।

