স্মৃতিফলক
স্মৃতিফলক
এক স্মৃতিফলকের সামনে দাঁড়িয়ে দেখি
তুমিহীন ফুলগুলো পড়ে আছে
তাদের ঝরে যাওয়া সম্পর্ক থেকে দূরে
যে দূরত্বে গ্রহ থেকে গ্রহান্তরে চলে যায় মানুষের মুখ
তার ছবি শূন্যতম ফ্রেমের কাছে তুলে দিচ্ছে
জীবনের ক্ষণকাল
যা সে বহু জন্ম থেকে জমিয়ে রেখে ছিল
এখানেই আমি জন্মেছি
এখানেই ছেলেবেলা দুহাত দিয়ে আকাশ পেড়ে খেত
মা বসতো দাওয়ায়
ঠাকুমা উঠোনে বসে নাতিদের রোদ খাওয়াতো
এখন কেমন ববর্ণ বাতাস হয়ে বয়ে যাচ্ছে
ফেলে আসা গ্রাম বাংলায়
এখন শহর এখন স্কাই স্ক্যাপার থেকে আকাশ
আকাশ থেকে নীচে কংক্রিটের জঙ্গল
মাটি আর তুমি শূন্যতায় ঝুলে আছ কোথাও
আমাকে ডাকোনি বলোনি প্রেমের কথা
বলোনি তুমিও কান্না পেলে স্নানের জলে মুছে ফেল স্মৃতি
শুধু কিছু স্মৃতিফলক রেখেছ গুছিয়ে
গ্রাম আর শহরের মাঝে
