বাগান
বাগান
ছাদের ছোট্ট বাগানে
আমি সেদিন একটা গোলাপ দেখলাম।
আহা! কী সুন্দর!
লালাভ পূর্ণিমা।
আমার ইচ্ছা করল, আর একটা লাল চাঁদ রাখি তার পাশে।
তারপর একটা বড়ো বাগান করি।
অগুনতি লাল চন্দ্রোদয় হোক আমার বাগানে।
প্রতিদিন দেখি একই রকম—
চন্দ্রোদয়, চন্দ্রপ্রভা,
চন্দ্রক্ষয়।
তারপর ইচ্ছা করল চাঁদের সঙ্গে জুপিটার, নেপচুন, বুধ—
এসব দিয়ে বাগান সাজাতে।
তাই তো এল ডালিয়া, জুঁই, চন্দ্রমল্লিকা।
আবারও দেখি সৃষ্টি, স্থিতি, লয়...
কোনো ফুল কি আকাশবস্তুর মতো ঘোরে?
অঙ্কের খাতা ছাড়াই রোজ অঙ্ক করে?
