মোটা
মোটা
সে বাকিদের মতো চলতে পারে না।
শরীরে অনেক মেদ;
সে থপথপ করে হাঁটে।
সে দেখে চলে সুন্দরী মেয়েদের নাচ, প্রেম,
ক্ষয়িষ্ণুতা,
মৃত্যু।
সে দেখে চলে দুষ্টু দামাল ছেলেদের গতি,
অবাধ্যতা,
নির্মেঘ আকাশে
তারাখসা!
সে চেষ্টা করে ঘটনাবলির সঙ্গে তাল দিতে।
সে ঘেমে ওঠে খুব।
ভাবে, বুঝি মগজেও অনেকটা মেদ জমে গেছে!
পাংশু, স্থূল শরীরকে
কষ্ট করে সুখাসনে বসিয়ে
সে ঘুমের আগে ধ্যান করে।
একসমুদ্র মনোগতি থৈথৈ করে তার চারপাশে।
